
স্থানীয় সরকার প্রতিষ্ঠান ও সংশ্লিষ্ট সরকারি কর্মকর্তা-কর্মচারীদের সক্ষমতা উন্নয়নের লক্ষ্যে প্রণীত প্রশিক্ষণ ম্যানুয়াল বিষয়ে একটি অবহিতকরণ কর্মশালা গতকাল বুধবার রাজধানীর আগারগাঁওয়ে জাতীয় স্থানীয় সরকার ইনস্টিটিউটে অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশে সুইজারল্যান্ড দূতাবাসের সহযোগিতায় ওয়াটারএইড বাংলাদেশ ও সুইসকন্টাক্ট বাংলাদেশ কর্তৃক বাস্তবায়নাধীন গো৪ইমপ্যাক্ট কর্মসূচির আওতায় জাতীয় স্থানীয় সরকার ইনস্টিটিউটের উদ্যোগে এ কর্মশালার আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় স্থানীয় সরকার ইনস্টিটিউটের মহাপরিচালক (সচিব) মো. আমিনুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ওয়াটারএইড বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর আজমান আহমেদ চৌধুরী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এনআইএলজির প্রশিক্ষণ ও পরামর্শ বিভাগের পরিচালক (যুগ্ম সচিব) মো. কায়েসুজ্জামান। প্রধান অতিথির বক্তব্যে মো. আমিনুল ইসলাম বলেন, মাঠপর্যায়ের বাস্তব পরিস্থিতিকে বিজ্ঞানসম্মত চর্চার সঙ্গে যুক্ত করার উপায় আমাদের প্রণয়ন করতে হবে, যাতে পরিবেশের ওপর সঠিক ও ইতিবাচক প্রভাব নিশ্চিত করা যায়।
কর্মশালায় স্থানীয় সরকার বিভাগ, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়, পানিসম্পদ মন্ত্রণালয়, মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়, পানিসম্পদ পরিকল্পনা সংস্থা, পরিবেশ অধিদপ্তর, বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমি (বার্ড), পল্লী উন্নয়ন একাডেমি (বগুড়া) ও বাংলাদেশ লোক-প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রের কর্মকর্তারা অংশ নেন। এ ছাড়া নওগাঁ ও সাতক্ষীরা জেলার স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক, ইউনিয়ন পরিষদ ও পৌরসভার প্রতিনিধি, উন্নয়ন সহযোগী সংস্থা জাইকা ও কোইকা এবং বিভিন্ন বেসরকারি সংস্থার প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন।