
পর্যটন ও আতিথেয়তা শিল্পে প্রযুক্তির ব্যবহার বাড়ছে। ভ্রমণ পরিকল্পনা, হোটেল বুকিং, ফ্লাইট টিকিট সংগ্রহ থেকে শুরু করে হোটেলের দৈনন্দিন কার্যক্রম পরিচালনা-সব ক্ষেত্রেই গুরুত্ব পাচ্ছে ডিজিটাল সেবা। এ পরিবর্তনের সঙ্গে তাল মিলিয়ে প্রযুক্তিনির্ভর পর্যটনসেবা ও আধুনিক হোটেল ব্যবস্থাপনার সমন্বয়ে কাজ করছে দেশীয় উদ্যোগ গোএনস্টে (gonstay.com) ডটকম। ভ্রমণকারীদের সহজে হোটেল ও আবাসন খুঁজে পাওয়া এবং অনলাইনে বুকিংয়ের সুযোগ দেওয়ার পাশাপাশি হোটেল ও রিসোর্টগুলোর ডিজিটাল উপস্থিতি বাড়ানোর লক্ষ্য নিয়ে কাজ করছে প্রতিষ্ঠানটি। দেশের বিভিন্ন পর্যটনকেন্দ্রের হোটেল, রিসোর্ট ও আবাসন প্রতিষ্ঠানের সঙ্গে সহযোগিতার মাধ্যমে বুকিংসেবা আরও সহজলভ্য করার উদ্যোগ নিয়েছে তারা।
গোএনস্টে ডটকমের কার্যক্রম শুধু অনলাইন বুকিংয়ে সীমাবদ্ধ নয়। হোটেল ও রিসোর্টের পরিচালনব্যবস্থাকে আধুনিক করতে প্রতিষ্ঠানটি কাজ করছে 'গোএনস্টে হোটেল ম্যানেজমেন্ট সফটওয়্যার' নিয়ে। এ সফটওয়্যারের মাধ্যমে হোটেলের কক্ষ ও ইনভেন্টরি ব্যবস্থাপনা, বুকিং ও রিজার্ভেশন, ফ্রন্ট ডেস্ক কার্যক্রম, পেমেন্ট ও ইনভয়েস, বিক্রয় এবং ব্যবস্থাপনাসংক্রান্ত প্রতিবেদন পরিচালনার সুবিধা দেওয়ার পরিকল্পনা রয়েছে।
প্রযুক্তিনির্ভর এ সমাধান হোটেল কর্তৃপক্ষকে দৈনন্দিন কার্যক্রম সুশৃঙ্খলভাবে পরিচালনা, কক্ষের প্রাপ্যতা পর্যবেক্ষণ এবং ব্যবসায়িক তথ্য বিশ্লেষণে সহায়তা করতে পারে। বিশেষ করে যেসব হোটেল ও রিসোর্ট এখনো প্রচলিত পদ্ধতিতে বুকিং ও কক্ষ ব্যবস্থাপনা পরিচালনা করছে, তাদের ডিজিটাল ব্যবস্থায় রূপান্তরের সুযোগ তৈরি হতে পারে।
প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী কর্মকর্তা মিজানুর রহমান বলেন, দেশের পর্যটন ও আতিথেয়তা শিল্পে অপার সম্ভাবনা রয়েছে। এ সম্ভাবনাকে কাজে লাগাতে প্রযুক্তিনির্ভর সেবা ও আধুনিক ব্যবস্থাপনার বিকল্প নেই। আমাদের লক্ষ্য শুধু একটি অনলাইন বুকিং প্ল্যাটফর্ম তৈরি করা নয়; বরং পর্যটক, হোটেল-রিসোর্ট, ট্রাভেল এজেন্সি ও কর্পোরেট গ্রাহকদের জন্য সমন্বিত ডিজিটাল সেবাব্যবস্থা গড়ে তোলা।
তিনি বলেন, একজন ভ্রমণকারী যেন সহজেই পছন্দের হোটেল খুঁজে নিতে ও সুবিধাজনকভাবে বুকিং করতে পারেন, সেটিই তাদের প্রত্যাশা। পাশাপাশি দেশের হোটেল ও রিসোর্টগুলো প্রযুক্তির সহায়তায় আরও বেশি মানুষের কাছে নিজেদের সেবা পৌঁছে দিতে, বুকিং ব্যবস্থাপনা উন্নত করতে এবং ব্যবসার নতুন সুযোগ তৈরি করতে পারবে।
'ট্রাভেল স্মার্ট, স্টে বেটার' স্লোগান সামনে রেখে প্রতিষ্ঠানটি ভ্রমণকারীদের জন্য সহজ ও সুবিধাজনক বুকিং অভিজ্ঞতা তৈরি এবং হোটেল-রিসোর্টের ডিজিটাল সক্ষমতা বাড়ানোর লক্ষ্য নিয়ে এগিয়ে যাচ্ছে। প্রতিষ্ঠানটির সেবার পরিধিতে রয়েছে হোটেল ও রিসোর্ট বুকিং, ফ্লাইট বুকিং, ভ্রমণসেবা, ভিসা প্রসেসিং, বিদেশে গ্রুপ প্যাকেজ এবং হোটেল পরিচালনার জন্য প্রযুক্তিনির্ভর সফটওয়্যার সমাধান।