
পিরোজপুরের কাউখালীতে উপজেলা পর্যায়ের বিভিন্ন সরকারি দপ্তর পরিদর্শন, কর্মকর্তা ও সুধীজনদের সঙ্গে মতবিনিময় এবং বিভিন্ন উন্নয়ন প্রকল্প পরিদর্শন করেছেন পিরোজপুরের নবাগত জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট গোলাম রব্বানী। বুধবার দিনব্যাপী এসব কর্মসূচি অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসকের কার্যালয়ের ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে সকাল ৯টা ৪৫ মিনিটে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় পরিদর্শনের মধ্যদিয়ে কার্যক্রম শুরু হয়। এরপর সকাল ১০টা ১৫ মিনিটে আমরাজুরি ইউনিয়ন পরিষদ এবং ১০টা ৪০ মিনিটে আমরাজুরি ইউনিয়ন ভূমি অফিস পরিদর্শন করেন জেলা প্রশাসক।পরে বেলা ১১টায় উপজেলা পরিষদ চত্বরে বৃক্ষরোপণ শেষে উপজেলা সভাকক্ষে উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও সুধীজনদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিরোজপুরের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. গোলাম রব্বানী। সভায় সভাপতিত্ব করেন কাউখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা রেহেনা আক্তার। মতবিনিময় সভায় উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের কার্যক্রম, স্থানীয় উন্নয়ন, জনসেবা এবং জনগণের দোরগোড়ায় সরকারি সেবা পৌঁছে দেওয়ার বিষয়ে আলোচনা হয়। জেলা প্রশাসক সরকারি সেবার মান আরও উন্নত করতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের আন্তরিকতা ও সমন্বয়ের সঙ্গে কাজ করার আহ্বান জানান। এ সময় মতবিনিময় সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা সোমা রানী দাস, আবাসিক মেডিকেল অফিসার ডাক্তার নাহিদ হাসান শাওন, কাউখালী থানা তদন্ত কর্মকর্তা এবাদ আলী,উপজেলা বিএনপি নেতৃবৃন্দ। মত বিনিময় সভায় বক্তারা উপজেলার বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন, জেলা প্রশাসক দ্রুত সময়ের মধ্যে সমস্যাগুলো সমাধান করার জন্য যথাযথভাবে উদ্যোগ গ্রহণ করা হবে বলে আশ্বস্ত করেন। তিনি মাদক নির্মূলে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন মাদকের বিষয় কোনও ছাড় দেওয়া হবে না। এসময় তিনি আরও বলেন- সন্ধ্যার পরে কোন ছাত্র-ছাত্রী রাস্তায় পাওয়া গেলে ব্যবস্থা গ্রহণ করা হবে, তিনি ছাত্র-ছাত্রীদেরকে পড়াশোনায় মনোযোগী হওয়ার আহ্বান জানান, এরপরে দুপুর ১২টায় বিআরডিবি কর্মকর্তা মাসুম মিয়া উদ্যোগে ইরেসপো প্রকল্পের কিশোরী সংঘের অভিভাবক সমাবেশে অংশ নেন জেলা প্রশাসক। এ সময় কিশোরীদের শিক্ষা, নিরাপত্তা, বাল্যবিবাহ প্রতিরোধ ও তাদের ভবিষ্যৎ উন্নয়নে পরিবারের ভূমিকা নিয়ে আলোচনা করা হয়। এরপর ২টায় উপজেলার বিভিন্ন উন্নয়ন প্রকল্প পরিদর্শন করেন জেলা প্রশাসক। পরিদর্শনকালে তিনি প্রকল্পগুলোর অগ্রগতি ও বাস্তবায়নের বিভিন্ন দিক সম্পর্কে খোঁজখবর নেন এবং কাজের মান বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন।