ঢাকা বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩ | বেটা ভার্সন

বিদেশি এয়ারলাইনস ও শিপিং কোম্পানি

পাওনা পরিশোধে নতুন নির্দেশনা

পাওনা পরিশোধে নতুন নির্দেশনা

বিদেশি এয়ারলাইনস ও শিপিং কোম্পানির পাওনা পরিশোধের নিশ্চয়তা দিতে ব্যাংকের প্রতিশ্রুতি প্রদানের ক্ষেত্রে শর্ত স্পষ্ট করেছে বাংলাদেশ ব্যাংক। বাংলাদেশে ব্যবসায়িক কার্যক্রম নেই, এমন বিদেশি প্রতিষ্ঠানের ক্ষেত্রে এ সুবিধা প্রযোজ্য হবে। তবে দেশে কার্যক্রম থাকা প্রতিষ্ঠানের পাওনা পরিশোধের প্রতিশ্রুতি দিতে হবে টাকায়। বুধবার বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রা নীতি বিভাগ (এফইপিডি) এ সংক্রান্ত একটি স্পষ্টীকরণ জারি করে অনুমোদিত ডিলার (এডি) ব্যাংকগুলোতে পাঠিয়েছে। নির্দেশনায় বলা হয়েছে, গত ২ সেপ্টেম্বর জারি করা এফইপিডি সার্কুলার নম্বর ৩২-এর পার্ট-এ-এর ৮(৫) অনুচ্ছেদ অনুযায়ী, বিদেশি এয়ারলাইনস ও শিপিং কোম্পানির কাছে পরিশোধযোগ্য উদ্বৃত্ত আয়ের বিপরীতে তাদের এজেন্টদের পক্ষে ব্যাংক গ্যারান্টি, স্ট্যান্ডবাই ঋণপত্র (এলসি) অথবা অন্য কোনো উপায়ে পরিশোধের প্রতিশ্রুতি দেওয়ার অনুমতি রয়েছে। বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, বৈদেশিক মুদ্রা নিয়ন্ত্রণ আইন, ১৯৪৭-এর ১৮-বি ধারার বিধান অনুযায়ী, যেসব বিদেশি এয়ারলাইনস ও শিপিং কোম্পানির বাংলাদেশে কোনো ব্যবসায়িক কার্যক্রম নেই, শুধু সেসব প্রতিষ্ঠানের এজেন্ট হিসেবে কাজ করা গ্রাহকদের ক্ষেত্রে এ অনুমোদন কার্যকর হবে। অন্যদিকে, যেসব বিদেশি এয়ারলাইনস ও শিপিং কোম্পানির বাংলাদেশে ব্যবসায়িক কার্যক্রম রয়েছে, সেসব প্রতিষ্ঠানের স্থানীয় কার্যক্রমের অনুকূলে বাংলাদেশি মুদ্রা বা টাকায় পরিশোধের প্রতিশ্রুতি দিতে হবে। নির্দেশনায় এ বিষয়ে সংশ্লিষ্ট গ্রাহক ও প্রতিষ্ঠানগুলোকে অবহিত করতে অনুমোদিত ডিলার ব্যাংকগুলোকে বলা হয়েছে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত