
মোংলা রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকায় (ইপিজেড) ৮০ লাখ ৭০ হাজার মার্কিন ডলার বিনিয়োগে গার্মেন্টস এক্সেসরিজ তৈরির কারখানা স্থাপন করবে বাংলাদেশি মালিকানাধীন প্রতিষ্ঠান ব্লু ম্যানগ্রোভ প্যাকেজিং লিমিটেড। এ কারখানায় ৪৫০ জনের কর্মসংস্থান হবে। এ লক্ষ্যে গতকাল রাজধানীর বেপজা কমপ্লেক্সে বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষের (বেপজা) সঙ্গে প্রতিষ্ঠানটির ভূমি ইজারা চুক্তি স্বাক্ষরিত হয়েছে।
বেপজার সদস্য (প্রকৌশল) আবদুল্লাহ আল মামুন এবং ব্লু ম্যানগ্রোভ প্যাকেজিং লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক তাজউদ্দিন আহমেদ সজীব নিজ-নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন। এ সময় বেপজার নির্বাহী চেয়ারম্যান মেজর জেনারেল মোহাম্মদ মোয়াজ্জেম হোসেনসহ সংস্থাটির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
প্রতিষ্ঠানটি বছরে ১ কোটি ৯৫ লাখ কেজি গার্মেন্টস এক্সেসরিজ উৎপাদন করবে। উৎপাদিত পণ্যের মধ্যে রয়েছে পলি ব্যাগ ও শিট, বিভিন্ন ধরনের টেপ, কার্টন, হ্যাং ট্যাগ, প্রাইস ট্যাগ, লেবেল, বারকোড স্টিকার, আরএফআইডি লেবেল ও সেলফ-অ্যাডহেসিভ স্টিকার। কারখানাটিতে ৪৪৮ জন বাংলাদেশিসহ মোট ৪৫০ জনের কর্মসংস্থান সৃষ্টি হবে।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে বেপজার নির্বাহী চেয়ারম্যান বিনিয়োগকারী প্রতিষ্ঠানকে স্বাগত জানান। তিনি মোংলা ইপিজেডকে বিনিয়োগের স্থান হিসেবে বেছে নেওয়ায় প্রতিষ্ঠানটিকে ধন্যবাদ জানান। পাশাপাশি কারখানা স্থাপন ও ব্যবসা পরিচালনায় প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন। তিনি বেপজার নতুন যশোর ও পটুয়াখালী ইপিজেডেও বিনিয়োগের জন্য প্রতিষ্ঠানটিকে উৎসাহিত করেন।
অনুষ্ঠানে বেপজার নির্বাহী পরিচালক (নিরাপত্তা) লে. কর্নেল মো. মোহসীন হাসান, নির্বাহী পরিচালক (এন্টারপ্রাইজ সার্ভিসেস) মসিহউদ্দিন বিন মেসবাহ, নির্বাহী পরিচালক (জনসংযোগ) এ.এস.এম. আনোয়ার পারভেজসহ বেপজার ঊর্ধ্বতন কর্মকর্তা এবং বিনিয়োগকারী প্রতিষ্ঠানের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
বেপজার তথ্য অনুযায়ী, ২০২৬ সালের অক্টোবর পর্যন্ত মোংলা ইপিজেডে ৩৯টি শিল্পপ্রতিষ্ঠান চালু রয়েছে। আরও ছয়টি প্রতিষ্ঠান বাস্তবায়নাধীন রয়েছে। এ ইপিজেড থেকে এ পর্যন্ত ১৭০ কোটি ৪০ লাখ ৪০ হাজার মার্কিন ডলার সমমূল্যের পণ্য রপ্তানি হয়েছে। এখানে প্রকৃত বিনিয়োগের পরিমাণ ২৭ কোটি ১৯ লাখ ৮০ হাজার মার্কিন ডলার। এসব প্রতিষ্ঠানে মোট ১৬ হাজার ১৬৭ জন বাংলাদেশির কর্মসংস্থান হয়েছে।