ঢাকা শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩ | বেটা ভার্সন

ইউরোপীয় ইউনিয়নের ডেনিম বাজারে শীর্ষস্থানে বাংলাদেশ

ইউরোপীয় ইউনিয়নের ডেনিম বাজারে শীর্ষস্থানে বাংলাদেশ

ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) ডেনিম বাজারে শীর্ষ রপ্তানিকারক দেশের অবস্থান ধরে রেখেছে বাংলাদেশ। চলতি ২০২৬ সালের জানুয়ারি থেকে সেপ্টেম্বর পর্যন্ত নয় মাসে ইউরোপের বাজারে মোট ডেনিম আমদানির প্রায় ৩০ শতাংশ সরবরাহ করেছে বাংলাদেশ। বৈশ্বিক বাজারে প্রতিযোগিতা ও চাহিদার পরিবর্তনের মধ্যেও শীর্ষস্থান ধরে রাখা দেশের তৈরি পোশাকশিল্পের সক্ষমতা ও আন্তর্জাতিক বাজারে অবস্থানের প্রতিফলন।

ইউরোপীয় পরিসংখ্যান সংস্থা ইউরোস্ট্যাটের তথ্য অনুযায়ী, চলতি বছরের প্রথম নয় মাসে ইউরোপীয় ইউনিয়নের দেশগুলো মোট ৩৪২ কোটি ইউরো মূল্যের ডেনিম পণ্য আমদানি করেছে, যা আগের বছরের একই সময়ের তুলনায় ৩ দশমিক ২৪ শতাংশ কম। এ সময়ে বাংলাদেশ থেকে আমদানি কমে দাঁড়িয়েছে ১০১ কোটি ইউরোতে। তবে বাজারে প্রায় ২৯ দশমিক ৪৮ শতাংশ হিস্যা নিয়ে শীর্ষ সরবরাহকারীর অবস্থান ধরে রেখেছে বাংলাদেশ।

গত বছরের একই সময়ে ইইউর ডেনিম বাজারে বাংলাদেশের হিস্যা ছিল ৩০ দশমিক ১৮ শতাংশ। অর্থাৎ সামগ্রিক বাজার সংকোচনের পাশাপাশি প্রতিযোগী দেশগুলোর রপ্তানি বাড়ায় বাংলাদেশের বাজার হিস্যায় কিছুটা পরিবর্তন এসেছে।

ইউরোস্ট্যাটের তথ্য বিশ্লেষণে দেখা যায়, বাংলাদেশের পর দ্বিতীয় বৃহত্তম ডেনিম সরবরাহকারী পাকিস্তান। দেশটি চলতি বছরের প্রথম নয় মাসে ইইউতে ৬০ কোটি ৯৭ লাখ ইউরো মূল্যের ডেনিম রপ্তানি করেছে। বাজারে দেশটির হিস্যা ১৭ দশমিক ৮৫ শতাংশ। অন্যদিকে, তুরস্কের রপ্তানি ২০ দশমিক ২৭ শতাংশ কমে ৪৯ কোটি ৮১ লাখ ইউরোতে নেমেছে। দেশটির বাজার হিস্যা আগের বছরের ১৭ দশমিক ৭০ শতাংশ থেকে কমে ১৪ দশমিক ৫৮ শতাংশ হয়েছে।

এ সময়ে মিসরের ডেনিম রপ্তানি ৩৪ দশমিক ৯৭ শতাংশ বেড়ে ২২ কোটি ৫৭ লাখ ইউরো এবং চীনের রপ্তানি ২০ দশমিক ২৩ শতাংশ বেড়ে ২৩ কোটি ৫ লাখ ইউরোতে দাঁড়িয়েছে। মিসরের রপ্তানি বেড়েছে ৫ কোটি ৮৪ লাখ ৯০ হাজার ইউরো, যা একই সময়ে বাংলাদেশের রপ্তানি কমার পরিমাণের প্রায় সমান।

বাংলাদেশ অ্যাপারেল ভয়েসের (বিএভি) প্রধান নির্বাহী কর্মকর্তা মহিউদ্দিন রুবেল বাসসকে বলেন, তুরস্ক ও পাকিস্তানের বাজার হিস্যা কমলেও সেই সুযোগ বাংলাদেশ পুরোপুরি কাজে লাগাতে পারেনি। তবে বছরের শেষ দিকে ইউরোপীয় ইউনিয়নের ডেনিম বাজারে ইতিবাচক প্রবণতা দেখা গেছে। আগস্টে বাজারটি ১১ দশমিক ৯১ শতাংশ এবং সেপ্টেম্বরে ৩ দশমিক ৬৬ শতাংশ প্রবৃদ্ধি অর্জন করেছে। সেপ্টেম্বরে বাংলাদেশ থেকে ডেনিম আমদানি আগের বছরের একই মাসের তুলনায় শূন্য দশমিক ৭০ শতাংশ বেড়ে ১৪ কোটি ৩১ লাখ ২০ হাজার ইউরোতে দাঁড়িয়েছে।

সামগ্রিকভাবে ইউরোপের ডেনিম বাজারে বাংলাদেশের শীর্ষ অবস্থান দেশের রপ্তানি খাতের জন্য গুরুত্বপূর্ণ অর্জন।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত