ঢাকা মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ১৮ ফাল্গুন ১৪৩২ | বেটা ভার্সন

দেশে ফিরলেন মুশফিক, পরিবারে স্বস্তি

দেশে ফিরলেন মুশফিক, পরিবারে স্বস্তি

পবিত্র রমজান মাসে ওমরাহ পালন করতে সৌদি আরব গিয়েছিলেন মুশফিক। সব শেষ করে গত শনিবার সকালে জেদ্দা থেকে দেশের উদ্দেশে রওনা হন তিনি। সূচি অনুযায়ী, প্রথমে দুবাই গিয়ে সেখান থেকে কানেক্টিং ফ্লাইটে ঢাকায় ফেরার কথা ছিল তার। কিন্তু মাঝপথেই বাগড়া দেয় মধ্যপ্রাচ্যে ছড়িয়ে পড়া যুদ্ধ। ফ্লাইট চলাচল স্থগিত হয়ে যায়। মধ্য আকাশ থেকেই মুশফিকদের বহনকারী বিমানটি পুনরায় জেদ্দায় ফিরিয়ে নেওয়া হয়। জেদ্দা বিমানবন্দরে হাজারো ক্লান্ত যাত্রীর ভিড়ে আটকা পড়েন বাংলাদেশের ক্রিকেটের এই ‘মিস্টার ডিপেন্ডেবল’। প্রিয় ক্রিকেটারের এমন বিপদের খবর দেশে পৌঁছাতেই ভক্ত-সমর্থকদের মধ্যে ছড়িয়ে পড়ে উদ্বেগ। বিষয়টি নজরে আসার পর দ্রুত তৎপর হয় প্রশাসন। যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক ব্যক্তিগতভাবে বিষয়টি তদারকি করবেন বলে জানান। অবশেষে গত রোববার রাতে প্রতিমন্ত্রী নিশ্চিত করেন, মুশফিক সেই রাতেই ঢাকার উদ্দেশে রওনা হচ্ছেন। মধ্য রাতের ঠিক পরেই মুশফিক নিজেও ফেসবুকে এক স্ট্যাটাসে জানান, সব অনিশ্চয়তা কাটিয়ে তিনি দেশের পথে।

তারপরও আশঙ্কা ছিল, ছিল এক বুক উৎকণ্ঠা। জেদ্দার বিমানবন্দরে হাজার হাজার যাত্রীর সঙ্গে আটকে পড়েছিলেন বাংলাদেশের ক্রিকেটার মুশফিকুর রহিমও। মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতির কারণে জেদ্দায় আটকে থাকার পর অবশেষে দেশে ফিরেছেন জাতীয় ক্রিকেট দলের উইকেটকিপার-ব্যাটসম্যান। গতকাল সোমবার সকালে তিনি নিরাপদে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন। মুশফিকের ঘরে ফেরার খবরটি সামাজিক যোগাযোগমাধ্যমে নিশ্চিত করেছেন তার স্ত্রী জান্নাতুল কিফায়েত। গতকাল সোমবার দুপুরে মুশফিকের স্ত্রী জান্নাতুল কিফায়েত এক ফেসবুক স্ট্যাটাসে লিখেন, ‘আলহামদুলিল্লাহ, মুশফিক নিরাপদে বাসায় পৌঁছেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তায়ালা তার জন্য সবকিছু সহজ করে দিয়েছেন। এই সময়ে যারা দুশ্চিন্তা করেছেন এবং মানসিকভাবে আমার পাশে ছিলেন, তাঁদের সবাইকে ধন্যবাদ। আমরা দোয়া করি, বিশ্বের চলমান অস্থিরতা যেন শান্ত হয় এবং দ্রুত সবকিছু স্বাভাবিক হয়ে আসে, ইনশাআল্লাহ।’

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত