ঢাকা মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ১৮ ফাল্গুন ১৪৩২ | বেটা ভার্সন

হতাশা ঝেড়ে ওয়ানডেতে মনোযোগী হতে চান সাইফ

হতাশা ঝেড়ে ওয়ানডেতে মনোযোগী হতে চান সাইফ

টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলা হয়নি বাংলাদেশ দলের। চলতি বছরে অবশ্য নেই কোনো আইসিসি ট্রফি আর। যদিও আগামী বছর রয়েছে আইসিসি ওয়ানডে বিশ্বকাপ। যেখানে সরাসরি খেলবে টাইগাররাও। হাতে বেশ লম্বা সময় থাকলেও ব্যাটার সাইফ হাসান বলছেন এখন থেকেই প্রস্তুতির কথা। গতকাল সোমবার মিরপুরে বিসিএল ফাইনালের আগে গণমাধ্যমের মুখোমুখি হয়ে সাইফ বলেন, ‘মাথার ভেতরে, হৃদয়ের গহীনে সবাই আসলে মন খারাপ করেছে (বিশ্বকাপ খেলতে না পেরে)। এখানে অস্বীকার করার কিছু নেই। কিন্তু আমার মনে হয় পেশাদার ক্রিকেট প্লেয়ার হিসেবে আমাদের আসলে সামনে এগিয়ে যাওয়াটা খুবই জরুরি।’ তিনি বলেন, ‘সামনে যেহেতু আমরা ওয়ানডে খেলাতে ঢুকে যাচ্ছি, সামনে ওয়ানডে বিশ্বকাপ আছে, এটার জন্য আমরা যত তাড়াতাড়ি প্রস্তুত হতে পারি তত ভালো।’ ফাইনাল ম্যাচের উইকেট নিয়ে সাইফ বলেন, ‘আমরা যে টি-টোয়েন্টি টুর্নামেন্টগুলো খেললাম উইকেট ভালো ছিল অনেক। কালকের যদি ওরকম থাকে, অবশ্যই আমার মনে হয় স্পোর্টিং উইকেট হবে, ব্যাটসম্যান-বোলার সবাই সাহায্য পাবে অবশ্যই।’ তিনি আরও বলেন, ‘ওয়ানডে সিরিজে বাড়তি কোনো প্রত্যাশা নেই নিজের উপর। কিন্তু চেষ্টা করব যত ভালো ক্রিকেট খেলা যায়, যত ভালো পর্যায়ে আসা যায়।’

এদিকে চলতি বছর প্রথমবার ওয়ানডে সিরিজে মাঠে নামতে যাচ্ছে বাংলাদেশ দল। তার আগে বেশ ভালোভাবেই নিজেদের প্রস্তুত করছে টাইগাররা। চলমান বিসিএল হচ্ছে ওয়ানডে ফরম্যাটে। আজ এই টুর্নামেন্টের ফাইনালে নর্থ জোনের বিপক্ষে মাঠে নামবে সেন্ট্রাল জোন। ফাইনালের আগে গতকাল সোমবার গণমাধ্যমের মুখোমুখি হন সেন্ট্রাল জোনের ক্রিকেটার সাইফ হাসান। এ সময় পাকিস্তান সিরিজের আগে ভালো প্রস্তুতির কথা জানিয়ে সাইফ বলেন, ‘যেহেতু আমরা ফাইনালে উঠছি আর একটা ম্যাচ খেলার সুযোগ বেড়েছে। আর ওয়ানডে সিরিজের আগে এটা খুব ভালো একটা প্রস্তুতি আমাদের জন্য। আশা করি কালকের ম্যাচটায় আমরা আরও ভালো ক্রিকেট খেলতে পারবো।’ তিনি বলেন, ‘গত এক-দেড় বছর ওরকম ওয়ানডে খেলার সুযোগ পাইনি। কিছু ওয়ানডে আমরা পেয়েছি তাও টি-টোয়েন্টির মধ্যখানে। এখন যেগুলাই ওয়ানডে সিরিজ আছে অবশ্যই প্রস্তুতিটা অনেক বেশি গুরুত্বপূর্ণ হবে।’- যোগ করেন তিনি।

মিরপুরে ফাইনাল খেলা নিয়ে সাইফ জানান, ‘বগুড়া-রাজশাহীতে সাধারণত খুব ভালো উইকেট থাকে আর মিরপুরে কালকে যেহেতু দিবা-রাত্রির ম্যাচ, আশা করি ভালো উইকেট থাকবে। একটা সিরিজের আগে যদি ম্যাচ অনুশীলন থাকে, অবশ্যই খুবই ভালো ব্যাটসম্যান হিসেবে যদি বলি। তাই ম্যাচটি যেখানেই খেলি না কেন, নিজের শতভাগ দেয়ার চেষ্টা করি।’

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত