
কিলিয়ান এমবাপ্পেকে ছাড়াই গত কয়েক ম্যাচে দারুণ পারফর্ম করেছে রিয়াল মাদ্রিদ। তাই এখন এমন কথাও উঠছে যে, তার ফেরায় দলের সাম্প্রতিক ভালো পারফরম্যান্সে আবার ঘটতে পারে ছন্দপতন। এমন মন্তব্যে কিছুটা যেন অবাকই হলেন রিয়াল কোচ আলভারো আরবেলোয়া। চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোয় মঙ্গলবার ম্যানচেস্টার সিটির মাঠে ফিরতি লেগের ম্যাচ খেলবে রিয়াল। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত ২টায়। প্রথম লেগে ৩-০ গোলে জিতে কোয়ার্টার-ফাইনালের পথে এগিয়ে আছে আরবেলোয়ার দল।
গত ডিসেম্বরে সেল্তা ভিগোর বিপক্ষে ম্যাচে হাঁটুতে চোট পান এমবাপ্পে। সেটি পুরোপুরি সারেনি এখনও। এ কারণে তাকে মাঝেমধ্যে থাকতে হচ্ছে মাঠের বাইরে। এই ধাক্কায় তিনি খেলতে পারেননি সবশেষ পাঁচ ম্যাচে।
এই সময় রিয়ালের স্কোয়াডে এমবাপ্পের অনুপস্থিতি যদিও তেমন একটা অনুভূত হয়নি। এই পাঁচ ম্যাচের চারটিতেই জিতেছে দলটি। তার মধ্যে বিশেষভাবে উল্লেখযোগ্য গত দুই ম্যাচে তাদের পারফরম্যান্স; ফেদে ভালভের্দের দুর্দান্ত হ্যাটট্রিকে সিটির বিপক্ষে ৩-০ গোলে দাপুটে জয়ের পর, গত শনিবার লা লিগায় এলচেকে ৪-১ গোলে উড়িয়ে দেয় আরবেলোয়ার দল।
তাই যেন সিটি ম্যাচের আগের দিন সোমবার সংবাদ সম্মেলনে আরবেলোয়ার কাছে প্রশ্ন ছুটে যায়, দলের পারফরম্যান্সে যে উন্নতি হয়েছে তা এমবাপ্পে ফেরায় আবার বাধাগ্রস্ত হবে কিনা? প্রশ্ন শুনে বিস্ময় প্রকাশ করেন কোচ। ‘বিশ্বের সেরা খেলোয়াড়কে ছাড়া দল আরও বেশি প্রতিদ্বন্দ্বিতামূলক, এমনটা কল্পনা করাই তো কঠিন। তবে এমন কথায় আবার আমাদের স্কোয়াডের শক্তির গভীরতাও ফুটে ওঠে এবং তাদের মান- মানুষ যদি বিশ্বের সেরা ফুটবলারকে ছাড়াও এই দলকে এতটা উপরে ভাবে, তাতে আমি খুশিই।’ ‘কিলিয়ান তার নিজের নানা ধরনের মান ও দক্ষতা দলের অন্য খেলোয়াড়দের পারফরম্যান্সে যোগ করে- তাকে মাঠে পেতে আমি মুখিয়ে আছি।
সে দলের জন্য গুরুত্বপূর্ণ।’ এবারের চ্যাম্পিয়ন্স লিগে এখন পর্যন্ত সর্বোচ্চ গোলদাতা এমবাপ্পে; আট ম্যাচে করেছেন ১৩ গোল। চলতি মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে ৩৩ ম্যাচে তার গোল ৩৮টি, সঙ্গে অ্যাসিস্ট করেছেন ছয়টি।