
ইয়াশ দায়ালের বিরুদ্ধে একাধিক ধর্ষণের অভিযোগ ওঠায়, এবারের আইপিএলে তার খেলা নিয়ে অনিশ্চয়তা ছিল। সেটাই এখন সত্যি হলো। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু নিশ্চিত করেছে, ২০২৬ সালের আইপিএলে খেলবেন না বাঁহাতি এই পেসার।
বেঙ্গালুরুর ক্রিকেট পরিচালক মো বোবাট মঙ্গলবার সাংবাদিকদের জানান, ব্যক্তিগত কারণে দলের সঙ্গে এবার যোগ দিচ্ছেন না ২৮ বছর বয়সী দায়াল। তবে ফ্র্যাঞ্চাইজির সঙ্গে তার চুক্তি থাকবে।
“ইয়াশ দায়াল এই মৌসুমে আরসিবির সঙ্গে থাকছে না। সে ব্যক্তিগত একটা সমস্যার মধ্যে আছে। তবে তার চুক্তি বহাল থাকবে। সিদ্ধান্তটি তার স্বার্থেই নেওয়া হয়েছে।”
২০২৪ মৌসুমে পাঁচ কোটি রুপিতে দায়ালকে দলে টানে বেঙ্গালুরু। গত মৌসুমে দলটির প্রথম শিরোপা জয়ে গুরুত্বপূর্ণ অবদান রাখেন তিনি। ১৫ ম্যাচ খেলে নেন ১৩ উইকেট। এবারের আসরেরও জন্য দায়ালকে ধরে রাখে বেঙ্গালুরু। তবে, ধর্ষণের ঘটনায় অভিযুক্ত হওয়ার পরও, এই বোলারকে ধরে রাখায় প্রবল সমালোচনার মুখে পড়ে দলটি।
২০২৫ সালের জুলাইয়ে জয়পুর পুলিশ এক নাবালিকাকে ধর্ষণের ঘটনায় তার বিরুদ্ধে অভিযোগ আনে। এর কয়েক সপ্তাহ আগে, গাজিয়াবাদের এক নারীর অভিযোগে তার বিরুদ্ধে ধর্ষণের মামলা দায়ের করা হয়। যদিও তার বিরুদ্ধে আনিত অভিযোগগুলো অস্বীকার করেছেন দায়াল।
গত আইপিএল ফাইনালের পর আর কোনো প্রতিযোগিতামূলক ম্যাচ খেলেননি দায়াল। ওই শিরোপা লড়াইয়ে পাঞ্জাবকে ৬ রানে হারানোর পথে তিন ওভারে ১৮ রান দিয়ে আজমাতউল্লাহ ওমারজাইয়ের উইকেট নেন তিনি।