
হাঁটুর চোট কাটিয়ে মাঠে ফেরার পর রিয়াল মাদ্রিদের শুরুর একাদশে এখনও ফিরতে পারেননি কিলিয়ান এমবাপ্পে। তবে ফ্রান্স জাতীয় দলে তাকে ঠিকই রাখা হয়েছে এবং ক্যাম্পেও যোগ দিয়েছেন। সব মিলিয়ে তার ফিটনেস নিয়ে কিছুটা ধোঁয়াশা আছে।
ফরাসি ফরোয়ার্ড এবার নিজেই বললেন, তার চোট নিয়ে কিছু অসত্য কথা ছড়ানো হয়েছে। গত ডিসেম্বরে হাঁটুতে চোট পেয়েছিলেন এমবাপ্পে, যেটি আবার মাথাচাড়া দেয় এই মাসের শুরুতে।
সেখান থেকেই এখন শতভাগ ফিট হয়ে ওঠার চেষ্টায় ২৭ বছর বয়সি তারকা। তিন সপ্তাহের বেশি মাঠের বাইরে থাকার পর রিয়াল মাদ্রিদের সর্বশেষ দুটি ম্যাচে মাঠে নেমেছেন তিনি বদলি হিসেবে।
এর মধ্যেই তিনি যোগ দিয়েছেন জাতীয় দলের ক্যাম্পে। সেখানেই একটি প্রচারণামূলক অনুষ্ঠানে চোটের অবস্থা জানানোর পাশাপাশি আক্ষেপ-অভিযোগও করলেন কিছুটা। ‘আমার হাঁটুর অবস্থা ভালো। আরও ভালো হচ্ছে। সবকিছু বেশ ভালোই চলছে এবং আমি জানি, এটা নিয়ে অনেক জল্পনা-কল্পনা হয়েছে এবং কিছু মিথ্যা কথাও ছড়ানো হয়েছে।’ ‘একজন শীর্ষ ক্রীড়াবিদের জীবনটাই এমন এবং আমরা এটাতে অভ্যস্ত যে, লোকেরা কোনো কিছু যাচাই না করেই বা বাস্তব কোনো ভিত্তি ছাড়াই নানা কিছু বলে থাকে।’ বিশ্বকাপের পথে দল গুছিয়ে নেওয়ার অভিযানে প্রীতি ম্যাচে আগামীকাল বৃহস্পতিবার ব্রাজিলের বিপক্ষে লড়বেন এমবাপ্পেরা, আগামী রোববার তাদের প্রতিপক্ষ কলম্বিয়া।