ঢাকা বুধবার, ২৫ মার্চ ২০২৬, ১১ চৈত্র ১৪৩২ | বেটা ভার্সন

চার সদস্যের জাতীয় নির্বাচক কমিটির প্রধান হাবিবুল বাশার

চার সদস্যের জাতীয় নির্বাচক কমিটির প্রধান হাবিবুল বাশার

নির্বাচক কমিটিতে দীর্ঘদিন কাজ করার পর এবার আরেকটু বড় দায়িত্ব নিয়ে ফিরছেন হাবিবুল বাশার। বাংলাদেশের জাতীয় নির্বাচক প্যানেলের চেয়ারম্যান করা হয়েছে সাবেক এই অধিনায়ককে। চার সদস্যের কমিটির নেতৃত্ব দেবেন তিনি, যেখানে নতুন মুখ দুজন। বিসিবি গত সোমবার রাতে সংবাদ বিজ্ঞপ্তিতে ঘোষণা করে নতুন নির্বাচক কমিটি। গাজী আশরাফ হোসেনের নেতৃত্বাধীন কমিটির স্থলাভিষিক্ত হবে এই কমিটি।

বিদায়ী কমিটিতে থাকা নির্বাচক হাসিবুল হোসেন জায়গা পেয়েছেন নতুন কমিটিতেও। প্রথমবারের মতো জাতীয় নির্বাচক হয়েছেন নাঈম ইসলাম ও নাদিফ চৌধুরি। নাদিফ এতদিন কাজ করছিলেন বয়সভিত্তিক দলের নির্বাচক হিসেবে। এবারই প্রথম বিজ্ঞাপন দিয়ে আগ্রহীদের আবেদন করার আহ্বান জানিয়ে যাচাই-বাছাই শেষে সাক্ষাৎকার গ্রহণের পর নির্বাচক কমিটি চূড়ান্ত করল বিসিবি। আগামী বছরের ওয়ানডে বিশ্বকাপ পর্যন্ত মেয়াদ থাকছে এই কমিটির। চার সদস্যের নির্বাচক কমিটি অবশ্য বেশ কৌতূহল জাগানিয়া ব্যাপার। নির্বাচক কমিটি সাধারণত বেজোড় সংখ্যার হয়ে থাকে, যাতে নির্বাচন প্রক্রিয়ায় কোনো ক্রিকেটারকে নিয়ে মতবিরোধ থাকলে রায় পেতে সুবিধা হয়। হাবিবুল নির্বাচক কমিটির সদস্য হিসেবে কাজ শুরু করেন ২০১১ সালে। সেখানে টানা কাজ করার পর ২০১৫ সালে নারী দলের নির্বাচকের দায়িত্ব পান তিনি। পরের বছরই আবার তিনি ফেরেন ছেলেদের নির্বাচক কমিটিতে। সেই থেকে ২০২৪ সালের ফেব্রুয়ারি পর্যন্ত ছিলেন তিনি কমিটিতে।

একসময় ধারণা করা হয়েছিল, তিনিই প্রধান নির্বাচকের দায়িত্ব পাবেন। কিন্তু সেটি আর হয়নি পরে। গত বছর দুয়েক বিসিবিতে বিভিন্ন ভূমিকায় কাজ করেছেন তিনি। অবশেষে এবার প্রধান নির্বাচকের দায়িত্ব পেলেন ৫৩ বছর বয়সী সাবেক ক্রিকেটার। বাংলাদেশের সর্বকালের সেরা ব্যাটসম্যানদের একজন তিনি। দেশের হয়ে ৫০ টেস্ট খেলা ও ৩ হাজার রান করা প্রথম ব্যাটসম্যানও তিনিই। পাশাপাশি ওয়ানডে খেলেছেন ১১১টি।

বয়সভিত্তিক দলের নির্বাচক কমিটিতে অনেক দিন কাজ করার পর হাসিবুল জাতীয় নির্বাচক কমিটিতে জায়গা পান গত বছর। ৪৮ বছর বয়সী সাবেক পেসার টিকে গেলেন নতুন কমিটিতেও। নির্বাচক কমিটির নতুন সদস্য নাঈম বাংলাদেশের হয়ে খেলেছেন ৮ টেস্ট, ৫৯ ওয়ানডে ও ১০ টি-টোয়েন্টি। ঘরোয়া ক্রিকেটে তার অভিজ্ঞতা ব্যাপক ও রেকর্ডও দারুণ। প্রথম শ্রেণির ক্রিকেটে বাংলাদেশের ব্যাটসম্যানদের মধ্যে রেকর্ড ১৮৬ ম্যাচ খেলেছেন তিনি। তার ৩৪ সেঞ্চুরিও এই দেশের ক্রিকেটে রেকর্ড। ৪২.৪৬ গড়ে রান করেছেন ১১ হাজার ২৫৩। এছাড়াও লিস্ট ‘এ’ ক্রিকেটে ২৬৩ ম্যাচ খেলে ১৩ সেঞ্চুরিতে রান করেছেন তিনি ৮ হাজার ১৪৯। চলতি মৌসুমের জাতীয় ক্রিকেট লিগেও খেলেছেন ৩৯ বছর বয়সী এই ব্যাটসম্যান। নির্বাচক হওয়ায় তার খেলোয়াড়ি জীবনের আনুষ্ঠানক সমাপ্তি হলো।

নাদিফ চৌধুরি বাংলাদেশের হয়ে খেলেছেন ৩টি টি-টোয়েন্টি। ঘরোয়া ক্রিকেটে তার অভিজ্ঞতাও অনেক। ১৩২টি প্রথমশ্রেণির মাচ, ১৫০টি লিস্ট ‘এ’ ম্যাচ ও ৬১ টি-টোয়েন্টি খেলেছেন সাবেক এই ব্যাটসম্যান। ৩৮ বছর বয়সী এই ক্রিকেটার সবশেষ ম্যাচটি খেলেছেন ২০২৩ সালে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত