
সাম্প্রতিক সময়ে পাকিস্তানে নিরাপত্তা ইস্যু নিয়ে অনেক আলোচনা হচ্ছে। এমনকি নিরাপত্তা ইস্যুতে আগামী ২৬ মার্চ থেকে শুরু হতে যাওয়া পিএসএলের ভেন্যু কমিয়ে আনা হয়। এতে বাংলাদেশি ক্রিকেটাররা পিএসএলে খেললে নিরাপত্তা শঙ্কা তৈরি হবে কি না এমন প্রশ্ন ওঠা শুরু হয়। তবে সরকারের উচ্চপর্যায়ের সবুজ সংকেত পাওয়ার পর ক্রিকেটারদের অংশগ্রহণের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। গতকাল মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে তারা জানিয়েছে, বাংলাদেশি ক্রিকেটারদের পাকিস্তান সুপার লিগে (পিএসএল) খেলতে আর কোনো বাধা নেই।
বিসিবি জানিয়েছে, ক্রিকেটারদের অংশগ্রহণের বিষয়ে বাংলাদেশ সরকারের যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে নিবিড় সমন্বয় বজায় রাখা হয়েছে। সংশ্লিষ্ট পক্ষগুলোর সঙ্গে বিস্তারিত আলোচনার পর এটি নিশ্চিত করা হয়েছে যে, পাকিস্তানে বাংলাদেশি ক্রিকেটারদের নিরাপত্তা নিয়ে বর্তমানে কোনো উদ্বেগ নেই। ইসলামাবাদে অবস্থিত বাংলাদেশ দূতাবাসের কাছ থেকে প্রাপ্ত সুনির্দিষ্ট নিরাপত্তার আশ্বাসের ভিত্তিতেই এই সিদ্ধান্তে পৌঁছানো হয়েছে।
প্রয়োজনীয় নিরাপত্তা নিশ্চিত হওয়ার পর খেলোয়াড়রা এরইমধ্যে টুর্নামেন্টে অংশ নিতে পাকিস্তানে ভ্রমণ করছেন। বিসিবি পুনরায় জোর দিয়ে জানিয়েছে যে, খেলোয়াড়দের সার্বিক কল্যাণ ও নিরাপত্তাই বোর্ডের কাছে সর্বোচ্চ অগ্রাধিকার। এ বিষয়ে যেকোনো পরিস্থিতির ওপর নজর রাখতে বোর্ড সব সময় সংশ্লিষ্ট পক্ষগুলোর সঙ্গে নিবিড় যোগাযোগ অব্যাহত রাখবে।