ঢাকা মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ২৪ চৈত্র ১৪৩২ | বেটা ভার্সন

আজ ভিয়েতনামের বিপক্ষে আত্মবিশ্বাসী বাংলাদেশ

আজ ভিয়েতনামের বিপক্ষে আত্মবিশ্বাসী বাংলাদেশ

এএফসি অনূর্ধ্ব-২০ নারী এশিয়ান কাপে নিজেদের অভিষেকে থাইল্যান্ডের বিপক্ষে ৬৯ মিনিট পর্যন্ত ২-০ গোলে এগিয়ে থেকেও হেরেছে বাংলাদেশ। পরের ম্যাচে শক্তিশালী চীনের বিপক্ষে লড়াই করে হেরেছে অর্পিতারা। তারপরও গ্রুপের তৃতীয় হয়ে কোয়ার্টার ফাইনাল খেলার সুযোগ রয়েছে অর্পিতাদের সামনে। সেই সুযোগকে কাজে লাগাতে আজ ভিয়েতনাম বাধা পার হতে হবে লাল সবুজের মেয়েদের। নানথাবুড়ি স্টেডিয়ামে বাংলাদেশ সময় সন্ধ্যা সাতটায় শুরু হবে ম্যাচটি।

শক্তিশালী প্রতিপক্ষের বিপক্ষে এই ম্যাচটি বাংলাদেশের জন্য বড় পরীক্ষা হিসেবেই দেখা হচ্ছে। বাছাইপর্বে ভালো পারফরম্যান্স দেখিয়ে মূল পর্বে জায়গা করে নেওয়া বাংলাদেশ অনূর্ধ্ব-২০ এখন আত্মবিশ্বাসে ভরপুর। অন্যদিকে ভিয়েতনাম এশিয়ার অন্যতম শক্তিশালী দল হিসেবে পরিচিত। বয়সভিত্তিক ফুটবলে তাদের ধারাবাহিক উন্নতি এবং আন্তর্জাতিক অভিজ্ঞতা বাংলাদেশের জন্য চ্যালেঞ্জ তৈরি করবে। বিশেষ করে ভিয়েতনামের দ্রুত আক্রমণভাগ এবং সংগঠিত রক্ষণভাগ বাংলাদেশের ডিফেন্সকে চাপে ফেলতে পারে।

বাংলাদেশ দলের ব্রিটিশ কোচ পিটার বাটলার জানিয়েছেন, ম্যাচের জন্য তার শিষ্যরা ভালো প্রস্তুতি নিয়েছে। সাম্প্রতিক অনুশীলনে কৌশলগত দিকগুলোতে জোর দেওয়া হয়েছে, বিশেষ করে কাউন্টার অ্যাটাক ও সেট-পিসে গোল করার পরিকল্পনা রয়েছে। সাগরিকা, অর্পিতা, আফঈদদের মতো দলের কয়েকজন মূল খেলোয়াড়ের ওপর ভরসা রাখছে কোচিং স্টাফ, যারা ম্যাচের মোড় ঘুরিয়ে দিতে সক্ষম। তবে বাস্তবতা হলো, ভিয়েতনামের তুলনায় অভিজ্ঞতায় কিছুটা পিছিয়ে বাংলাদেশ। তাই ম্যাচে টিকে থাকতে হলে শুরু থেকেই মনোযোগী ফুটবল খেলতে হবে। মাঝমাঠের নিয়ন্ত্রণ ধরে রাখা এবং ডিফেন্সে কম ভুল করা হবে জয়ের অন্যতম চাবিকাঠি। যদি বাংলাদেশ শৃঙ্খলাপূর্ণ খেলা প্রদর্শন করতে পারে এবং সুযোগগুলো কাজে লাগাতে সক্ষম হয়, তাহলে চমক দেখানো অসম্ভব নয়। যদিও কাগজে-কলমে ভিয়েতনাম এগিয়ে, তবুও ফুটবল অনিশ্চয়তার খেলা-সেখানে বাংলাদেশের জন্য সম্ভাবনার দরজা খোলা থাকছেই।

তবে আজ জিতে বাংলাদেশের প্রথমবার এশিয়ান কাপের কোয়ার্টার ফাইনালের আশা জাগাচ্ছে ভিয়েতনামের পারফরম্যান্স। প্রথম ম্যাচে তারা ৩-০ গোলে হেরেছে চীনের কাছে। যেই চীনের কাছে বাংলাদেশ হেরেছে ২-০ গোলে। তাই আজ না জিতলেও ভিয়েতনামকে রুখে দিতে পারলেই অন্তত এ-গ্রুপের তৃতীয় দল হিসাবে শেষ আট নিশ্চিত করতে পারবে বাংলাদেশ। যা হবে নারী ফুটবলে আরেকটি ইতিহাস।

প্রথমবারের মতো বয়সভিত্তিক এই প্রতিযোগিতার মূল পর্বে খেলা বাংলাদেশ আটঘাঁট বেঁধে প্রস্তুতি নিয়েছে। চীন ম্যাচের পর একদিনের রিকভারি শেষে অনুশীলনে ফেরা দলকে আত্মবিশ্বাসীই দেখছেন সহকারী কোচ আবুল হোসেন। ‘আগামীকাল (আজ) মেয়েরা কীভাবে খেলবে, সে অনুযায়ী প্রস্তুতি নিয়েছি। খেলোয়াড়দের বোঝাতে সক্ষম হয়েছি যে, আগামী ম্যাচে আমাদের সেরাটা দিতে হবে; সবাই চেষ্টা করব, নিজেদের সেরাটা দেওয়ার। মেয়েদের নিয়ে আমরা কোচেরা সবসময় আত্মবিশ্বাসী এবং তারাও আত্মবিশ্বাসী। কারণ, ম্যাচ বাই ম্যাচ তারা ভালো করেছে। আমরা দুইটা ম্যাচ হেরেছি; কিন্তু তারা চেষ্টা করেছে সেরাটা দেওয়ার। আগামীকাল জিতে পরের ধাপে যাওয়ার একটা সম্ভাবনা আমাদের আছে। মেয়েরা উদ্বুদ্ধ যে, তারা ম্যাচটা জিতবেই।’ তিনি বলেন, ‘খেলোয়াড়দের মধ্যে বাড়তি কোনো চাপ নেই। আমরা বলেছি, তাদের সেরাটা দেওয়ার জন্য। শুধু এতটুকুই। জিততেই হবে- এমন কোনো বাড়তি চাপ দিচ্ছি না।

বলেছি, তোমরা যদি স্বাভাবিক খেলা খেলো, সেরাটা দিয়ে খেলতে পার, তাহলে ম্যাচে আমরা জিতব ইনশাআল্লাহ।’

ভিয়েতনামের বিপক্ষে মঠে নামার আগে গতকাল সোমবার অনুশীলন শেষে সৌরভী আকন্দ বলেন, ‘আজ (গতকাল) আমরা ভালো একটা ট্রেনিং সেশন করছি। কোচ আমাদের ফিনিশিং ড্রিল করিয়েছেন। চীনের বিপক্ষে যা যা ভুলত্রুটি হয়েছে, তা ধরিয়ে দিয়েছেন। আলহামদুলিল্লাহ দলের সবাই সস্থ’ আছে।’ তিনি যোগ করেন, ‘ভিয়েতনামের বিপক্ষে ম্যাচে জেতার চেষ্টা করব। কোচ (পিটার) যেভাবে বলবেন খেলার জন্য, আমরা সেভাবেই খেলব। আমাদের সবার প্রত্যাশা দেশবাসী আমাদের সাপোর্ট করবে, আমরা যেন কালকে ভালো খেলতে পারি।’

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত