
পেশাদারিত্বের ঘাটতি নিউজিল্যান্ড দলের খুব একটা থাকে না কখনই। প্রথম ম্যাচের জয় তাদের আত্মবিশ্বাসকেও করেছে পোক্ত। এখন তাদের দৃষ্টি সিরিজ জয়ে। পেসার ন্যাথান স্মিথ বলছেন, বাংলাদেশকে সিরিজ হারাতে পারলে তাদের জন্য সেটি হবে বড় প্রাপ্তি। সাধারণ সমীকরণে নিউজিল্যান্ডের সিরিজ জয় বড় কোনো ঘটনা হওয়ার কথা নয়। আইসিসি ওয়ানডে র্যাঙ্কিংয়ের ২ নম্বর দল তারা। সর্বশেষ সিরিজে ভারতে গিয়ে তারা জিতে এসেছে সিরিজ। বাংলাদেশে সিরিজ জয়ও তাদের জন্য নতুন কিছু নয়। তবে পার্থক্য হলো, এবার শীর্ষ ১৬-১৭ জন ক্রিকেটার ছাড়াই এই সফরে এসেছে তারা। কন্ডিশনও এবার প্রবল বিরুদ্ধ। এপ্রিলের প্রচণ্ড গরমে খেলতে হচ্ছে তাদের। বাংলাদেশে সর্বশেষ যে ওয়ানডে সিরিজ জিতেছে কিউইরা, সেটি ছিল ২০২৩ সালের সেপ্টেম্বরে, আবহাওয়া যখন তুলনামূলক আরামদায়ক। এর আগে ২০০৮ সালে জিতেছে অক্টোবরে সিরিজ খেলে, ২০০৪ সালে নভেম্বরে।
কন্ডিশন প্রতিকূল, দল অনভিজ্ঞ। এরপরও সিরিজ জিততে পারাটা কত বড় অর্জন হবে, দ্বিতীয় ম্যাচের আগে তা শোনালেন পেসার স্মিথ। ‘এটা হবে বিশাল ব্যাপার হবে। বাংলাদেশ সত্যিই একটি শক্তিশালী দল নামিয়েছে। আপনারা জানেন, নিউ জিল্যান্ডে আমরা পরিস্থিতির সঙ্গে মানিয়ে নিতে গর্ববোধ করি এবং এই মুহূর্তে নিউজিল্যান্ড ক্রিকেটে শক্তির গভীরতা অনেক। তাই পূর্ণ শক্তির দল নিয়ে খেলার সময় যারা থাকে না, তাদের নিয়ে এসে এই কন্ডিশরে সঙ্গে পরিচিত করানো এবং সেই অভিজ্ঞতা অর্জন করে ভালো ফল ও সাফল্য এনে দেওয়াটা দলের গভীরতা বাড়ায় এবং সামনে এগিয়ে যাওয়ার জন্য অনেক আত্মবিশ্বাস জোগায়।’
তিনি বলেন, ‘তাই নিউজিল্যান্ড ক্রিকেটের জন্য আমাদের এখানে আসাটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ আমরা এই পরিস্থিতিতে খেলতে চাই, আমরা এমন পরিস্থিতিতে খেলতে চাই যা আমাদের কাছে অপরিচিত এবং এমন পিচে কার্যকর হওয়ার উপায় খুঁজে বের করতে চাই, যেখানে আমরা খুব একটা অভ্যস্ত নই। গত ম্যাচে যেভাবে আমরা বাংলাদেশকে চাপে ফেলেছিলাম, তা সত্যিই খুব সন্তুষ্টির ছিল। সুতরাং আমরা যদি সিরিজটি জিততে পারি, তবে তা আমাদের জন্য বিশাল ব্যাপার হবে।’