ঢাকা মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ১৬ আষাঢ় ১৪৩৩ | বেটা ভার্সন

এমসিসির আজীবন সদস্যপদ পেলেন তামিম ইকবাল

এমসিসির আজীবন সদস্যপদ পেলেন তামিম ইকবাল

বাংলাদেশ ক্রিকেটের আরেকটি গৌরবময় অধ্যায়ের সাক্ষী হলেন তামিম ইকবাল। দেশের সাবেক অধিনায়ক এবং বর্তমান বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি তামিমকে আজীবন সম্মানসূচক সদস্যপদ প্রদান করেছে মেরিলিবোন ক্রিকেট ক্লাব (এমসিসি)। স্থানীয় সময় গত রোববার লর্ডস ক্রিকেট গ্রাউন্ডের অনার্স বোর্ডের সামনে তার হাতে একটি স্মারক তুলে দেওয়া হয়।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে এমসিসি। এতে ক্লাবটি জানায়, তামিমসহ ৫ জনকে নতুন করে এমসিসির আজীবন সম্মাননা দেওয়া হয়েছে। অন্য চারজন হলেন ভারতের চেতেশ্বর পূজারা, নিউজিল্যান্ডের দুই নারী ক্রিকেটার সুজি বেটস, সফি ডেভেন ও অস্ট্রেলিয়ার সাবেক নারী ক্রিকেটার মেলানি জোন্স। এর আগে ২০২৩ সালে বাংলাদেশের প্রথম ক্রিকেটার হিসেবে এ সম্মান পেয়েছিলেন সাবেক অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। এছাড়া বিসিবির সাবেক সভাপতি সাবের হোসেন চৌধুরী এবং সাবেক সাধারণ সম্পাদক রইসউদ্দিন আহমেদও এমসিসির সম্মানসূচক আজীবন সদস্যপদ লাভ করেছিলেন।

এ ছাড়া ২০১৭ সালের অক্টোবরে এমসিসির ক্রিকেট কমিটিতে জায়গা পেয়েছিলেন সাকিব আল হাসান। ২০১৯ সালের অক্টোবরে ম্যাচ ফিক্সিংয়ের প্রস্তাব গোপন করে আইসিসির নিষেধাজ্ঞা পাওয়ার পর সে পদ থেকে সরে দাঁড়ান তিনি। ২০০৮ সালে টেস্ট অভিষেক হয় তামিমের। ৭০টি টেস্ট খেলে ৩৮.৮৯ গড়ে ১০ সেঞ্চুরিতে ৫১৩৪ রান তার। এ ছাড়া বাংলাদেশের হয়ে তিনি ২৪৩টি ওয়ানডে ও ৭৮টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন। ২০১০ সালে লর্ডসে সেঞ্চুরি করে অনার্স বোর্ডে নাম তোলা একমাত্র বাংলাদেশি ব্যাটসম্যান তামিম। একই টেস্টের প্রথম ইনিংসে ৫ উইকেট নিয়ে অনার্স বোর্ডে নাম তুলেছিলেন পেসার শাহাদাত হোসেনও।

তামিমকে নিয়ে এমসিসি এক বিবৃতিতে জানায়, বাংলাদেশ থেকে অল্প কয়েকজনই এ সম্মান অর্জন করেছেন। তামিম দেশের অন্যতম সেরা ও সবচেয়ে উদযাপিত ক্রিকেটার। টেস্টে তামিম ৫ হাজারেরও বেশি রান করেছেন। বাংলাদেশের টেস্ট ইতিহাসে সর্বোচ্চ রানসংগ্রাহকদের তালিকায় তিনি দ্বিতীয় স্থানে রয়েছেন। এছাড়া বাংলাদেশের হাতে গোনা কয়েকজন ক্রিকেটারের একজন তিনি, যাদের নাম লর্ডসের অনার্স বোর্ডে জায়গা করে নিয়েছে। ২০১০ সালে ইংল্যান্ডের বিপক্ষে ঐতিহাসিক সেঞ্চুরি করে এ কীর্তি গড়েছিলেন বাঁহাতি ওপেনার।

বর্তমানে তামিম বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে বিসিবির সর্বকনিষ্ঠ সভাপতি হিসেবেও দায়িত্ব পালন করছেন। ১৭৮৭ সালে প্রতিষ্ঠিত এমসিসিকে ক্রিকেট আইনের অভিভাবক হিসেবে স্বীকৃতি দেয়া হয়। ঐতিহ্যবাহী এ ক্লাবের বর্তমানে প্রায় ১৮ হাজার ৩৫০ জন পূর্ণ সদস্য এবং ৬ হাজার সহযোগী সদস্য রয়েছেন। ক্রিকেটের ‘মক্কা’ খ্যাত লর্ডস ক্রিকেট গ্রাউন্ডের স্বত্বাধিকারও এমসিসি।

এমসিসির প্রধান নির্বাহী ও সচিব রব লসন বলেন, পাঁচজন অসাধারণ ক্রিকেটারকে আমাদের নতুন সম্মানসূচক আজীবন সদস্য হিসেবে স্বাগত জানাতে পেরে আমরা আনন্দিত। ক্রিকেটের প্রতি তাদের আজীবনের নিবেদন এ স্বীকৃতির সম্পূর্ণ যোগ্য। ভবিষ্যতে লর্ডসে এমসিসির সদস্য হিসেবে তাদের স্বাগত জানানোর অপেক্ষায় আছি।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত