ঢাকা রোববার, ০৫ জুলাই ২০২৬, ২১ আষাঢ় ১৪৩৩ | বেটা ভার্সন

কাউন্টিতে এবার টি-টোয়েন্টি রাঙানোর অপেক্ষায় হাসান

কাউন্টিতে এবার টি-টোয়েন্টি রাঙানোর অপেক্ষায় হাসান

জাতীয় দলের জার্সিতে গত এক বছরে কোনো টি-টোয়েন্টি ম্যাচ খেলেননি হাসান মাহমুদ। ফেরার দাবি জানানোর একটি মঞ্চ এবার পাচ্ছেন তিনি। কেন্টের হয়ে সম্প্রতি কাউন্টি চ্যাম্পিয়নশিপে খেলা পেসার সুযোগ পেলেন টি-টোয়েন্টি ব্লাস্টেও। ইংল্যান্ডের ঘরোয়া টি-টোয়েন্টি টুর্নামেন্টে তিনটি ম্যাচে খেলবেন তিনি। গত মাসে কেন্টের হয়েই কাউন্টি চ্যাম্পিয়নশিপে নজরকাড়া পারফরম্যান্স উপহার দেন হাসান। অভিষেক ম্যাচে ল্যাঙ্কাশায়ারের বিপক্ষে ক্যারিয়ার সেরা বোলিংয়ে ৯ উইকেট নিয়ে ছিলেন জয়ের নায়ক। পরের ম্যাচেও দলের জয়ে উইকেট নেন তিনটি। বলার অপেক্ষা রাখে না, লাল বলের সেই পারফরম্যান্স কেন্টের সাদা বলের দলের দুয়ারও খুলে দিয়েছে তার জন্য।

হাসানকে চুক্তিবদ্ধ করার বিষয়টি গতকাল শনিবার এক বিবৃতিতে নিশ্চিত করে কেন্ট। সেখানে বলা হয়েছে, বিসিরি অনাপত্তিপত্র পাওয়ার ওপর তার মাঠে নামা নির্ভর করছে। জিম্বাবুয়ের বিপক্ষে একমাত্র টেস্ট শেষে দেশে ফেরেননি ২৬ বছর বয়সী এই পেসার। সেখান থেকেই সরাসরি ইংল্যান্ডে চলে যান। দেশের বাইরে এবারই প্রথম কোনো ফ্রাঞ্চাইজি বা ঘরোয়া টি-টোয়েন্টি টুর্নামেন্টে খেলবেন তিনি। এই তিন ম্যাচ খেলে লঙ্কা প্রিমিয়ার লিগের দল কলম্বো ক্যাপসে যোগ দেওয়ার কথা তার। চতুর্থ বাংলাদেশি ক্রিকেটার হিসেবে টি-টোয়েন্টি ব্লাস্টে খেলবেন হাসান । আগে খেলেছেন সাকিব আল হাসান, তামিম ইকবাল ও মুস্তাফিজুর রহমান।

বিসিবির অনাপত্তিপত্র পেলে রোববারই হ্যাম্পশায়ারের বিপক্ষে দেখা যেতে পারে হাসানকে। কেন্টের পরের দুই ম্যাচ আগামী শুক্রবার সারের বিপক্ষে ও ১২ জুলাই মিডলসেক্সের বিপক্ষে। বাংলাদেশের হয়ে ২৬ টি-টোয়েন্টিতে ২৮ উইকেট শিকার করেছেন হাসান। গত বিপিএলে নোয়াখালি এক্সপ্রেসের হয়ে ১০ ম্যাচে ১৬ উইকেট নিয়েছিলেন ওভারপ্রতি মাত্র ৬ রান দিয়ে। কেন্টের বিবৃতিতে তিনি বলেন, এখানে প্রমাণ করে জাতীয় দলের হয়ে সাদা বলের ক্রিকেটে ফিরতে চান। ‘কেন্টে আমার সময়টা দারুণ কেটেছে। যখনই আবার ফিরে আসার ও ভাইটালিটি ব্লাস্টে অবদান রাখার সুযোগ এসেছে, কোনো দ্বিধা করিনি। সামনে তিনটি গুরুত্বপূর্ণ ম্যাচ আছে। নিজের সেরাটা দিয়ে কেন্টকে নকআউট পর্বে তুলতে চাই। আমার ওপর বিশ্বাস রাখায় কেন্টকে ব্যক্তিগতভাবে ধন্যবাদ জানাই। সেরা টি-টোয়েন্টি টুর্নামেন্টগুলোর একটিতে পারফর্ম করার দারুণ সুযোগ হিসেবে দেখছি এটিকে। আশা করছি, বাংলাদেশের সাদা বলের দলে ফিরতে নিজের দাবি জানাতে পারব।’

টি-টোয়েন্টি ব্লাস্টে সাউথ গ্রুপে ৯ ম্যাচে ৪ জয়ে পয়েন্ট তালিকায় ছয় দলের মধ্যে এখন চারে আছে কেন্ট। এই তিন ম্যাচের পরও হাসানের কেন্ট অধ্যায়ের বাকি থাকবে আরও। সবকিছু ঠিকঠাক থাকলে আগামী সেপ্টেম্বরে দলটির হয়ে কাউন্টি চ্যাম্পিয়নশিপের আরও চারটি ম্যাচ খেলার কথা তার।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত