
বিশ্বকাপের শেষ ষোলোতে আর্জেন্টিনার বিপক্ষে দুই গোলে এগিয়েও নাটকীয়ভাবে হেরে বিদায় নেয় মিশর। সেই ম্যাচের একটি বিতর্কিত মুহূর্ত নিয়ে তখন থেকেই চলছিল নানা আলোচনা। বিশেষ করে হাতের ইশারায় বর্ণবাদবিরোধী প্রটোকল সক্রিয় করার সংকেত দিয়েছিলেন মিশরের কোচ হোসাম হাসান। অবশেষে সেই ঘটনার ব্যাখ্যা দিয়েছেন এই কোচ। শেষ ষোলোর সেই ম্যাচে এক পর্যায়ে ২-০ গোলে এগিয়ে ছিল মিশর। কিন্তু শেষদিকে মাত্র ১৩ মিনিটে তিন গোল হজম করে উল্টো ৩-২ ব্যবধানে হেরে যায় দলটি। ম্যাচের এক পর্যায়ে মোস্তফা জিকোর করা দ্বিতীয় গোলটি বাতিল হয়, কারণ গোলের সূচনায় লিসান্দ্রো মার্তিনেজকে ফাউল করার সিদ্ধান্ত দেন রেফারি ফ্রাঁসোয়া লেতেক্সিয়ে।
গোল বাতিলের সিদ্ধান্তের পর মিশরের পুরো বেঞ্চ রেফারিকে ঘিরে প্রতিবাদ জানায়। আর্জেন্টিনার অধিনায়ক লিওনেল মেসি ও তার সতীর্থরাও সেখানে গিয়ে দ্রুত খেলা শুরুর চেষ্টা করেন। এই সময় টেলিভিশন ক্যামেরায় ধরা পড়ে হাসানের দুই হাত বুকের সামনে ক্রস করে ধরা একটি ভঙ্গি।