ঢাকা শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ২ শ্রাবণ ১৪৩৩ | বেটা ভার্সন

নেপালের বিপক্ষে পাঁচ ম্যাচের সিরিজ শুরু আজ

নেপালের বিপক্ষে পাঁচ ম্যাচের সিরিজ শুরু আজ

আগামী এশিয়ান গেমসকে সামনে রেখে প্রস্তুতি শুরু করেছে বাংলাদেশ নারী ও পুরুষ কাবাডি দল। সেপ্টেম্বরে জাপানের আইচি-নাগোয়া শহরে অনুষ্ঠেয় এশিয়াডে নারী কাবাডি দলের পদক পুনরুদ্ধারের লক্ষ্য নিয়ে এবার নেপালকে প্রতিপক্ষ হিসেবে বেছে নিয়েছে বাংলাদেশ কাবাডি ফেডারেশন। দুই দেশের মধ্যে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজের আয়োজন করা হয়েছে, যা আজ থেকে শুরু হচ্ছে। গতকাল বৃহস্পতিবার বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের (বিওএ) ডাচণ্ডবাংলা অডিটোরিয়ামে সিরিজের ট্রফি উন্মোচন অনুষ্ঠানে কাবাডি ফেডারেশনের সাধারণ সম্পাদক এসএম নেওয়াজ সোহাগ জানান, এশিয়ান গেমসের প্রস্তুতির অংশ হিসেবে শুধু নেপালের বিপক্ষে সিরিজই নয়, নারী দলকে থাইল্যান্ডে এবং পুরুষ দলকে চাইনিজ তাইপের বিপক্ষে ম্যাচ খেলানোর পরিকল্পনাও রয়েছে। অনুষ্ঠানে বিওএর মহাসচিব জোবায়েদুর রহমান রানা ও ফেডারেশনের সহসভাপতি ব্রিগেডিয়ার জেনারেল মোতাহার হোসেন উপস্থিত ছিলেন। আজ বেলা তিনটায় সিরিজের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমানের কন্যা জাইমা রহমান।

তবে নেপাল দলকে ঘিরে প্রশ্নও উঠেছে। সমালোচকদের দাবি, বাংলাদেশ সফরে আসা দলটি নেপালের মূল দল নয়; বরং বিবাসি দলের খেলোয়াড়দের নিয়ে গঠিত। এ বিষয়ে নেওয়াজ সোহাগ বলেন, ‘আমরা নেপালকে দল পাঠাতে বলেছি। তারা কোন দল পাঠিয়েছে, সেটি তাদের বিষয়। আমাদের কাছে এটি নেপাল জাতীয় দল হিসেবেই বিবেচিত হবে।’ এর আগে ২০২৩ সালের হাংজু এশিয়ান গেমসের প্রস্তুতিতে বাংলাদেশ নারী দলকে ভারতের রাও একাডেমিতে দীর্ঘমেয়াদি অনুশীলনের সুযোগ দেওয়া হয়েছিল। ভারতীয় দু’জন কোচও নিয়োগ করা হয়েছিল। কিন্তু সেই প্রস্তুতির সুফল মেলেনি। উল্টো নেপালের কাছেই হেরে পদক হারাতে হয়েছিল বাংলাদেশকে। একসময় এশিয়ান গেমসে বাংলাদেশের অন্যতম সফল ডিসিপ্লিন ছিল কাবাডি। আশির দশক থেকে নিয়মিত পদক এলেও ২০১০ সালে পুরুষ দল এবং ২০১৮ সালে নারী দল সেই ধারাবাহিকতা হারায়। এরপর একাধিকবার পদক পুনরুদ্ধারের ঘোষণা এলেও বাস্তবে তা আর সম্ভব হয়নি। এবার নেপালের বিপক্ষে টেস্ট সিরিজ সেই স্বপ্ন পূরণের পথে কতটা কার্যকর ভূমিকা রাখে, সেটিই এখন দেখার অপেক্ষা।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত