ঢাকা শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ২ শ্রাবণ ১৪৩৩ | বেটা ভার্সন

নিয়তির গল্পে মেসির মুখোমুখি সেই ইয়ামাল

নিয়তির গল্পে মেসির মুখোমুখি সেই ইয়ামাল

বিশ্বকাপ ফাইনাল ঘিরে আলোচনার কেন্দ্রবিন্দুতে শুধু আর্জেন্টিনা ও স্পেন নয়, রয়েছেন দুই প্রজন্মের দুই মহাতারকাণ্ডলিওনেল মেসি ও লামিনে ইয়ামাল। একসময় যে ইয়ামালকে কোলে নিয়ে ছবি তুলেছিলেন তরুণ মেসি, সেই শিশুই এবার বিশ্বকাপের সবচেয়ে বড় মঞ্চে দাঁড়াচ্ছেন তার প্রতিপক্ষ হিসেবে! বিশ্বকাপের ইতিহাসে এবারই প্রথম সেমিফাইনালে জায়গা করে নিয়েছিল ফিফা র‌্যাঙ্কিংয়ের শীর্ষ চার দল। একই সঙ্গে প্রথমবারের মতো বিশ্বকাপের ফাইনালে মুখোমুখি হচ্ছে ইউরোপিয়ান চ্যাম্পিয়ন স্পেন এবং কোপা আমেরিকার চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। আগামী ১৯ জুলাই বাংলাদেশ সময় দিবাগত রাত ১টায় নিউজার্সির মেটলাইফ স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে বহুল প্রতীক্ষিত এই শিরোপা নির্ধারণী লড়াই। ফাইনালকে ঘিরে নতুন করে ভাইরাল হয়েছে ২০০৭ সালের একটি ছবি! বার্সেলোনা ফাউন্ডেশন ও ইউনিসেফের একটি দাতব্য কর্মসূচিতে তোলা সেই ছবিতে দেখা যায়, মাত্র ছয় মাস বয়সী ইয়ামালকে কোলে নিয়ে আছেন ২০ বছর বয়সী লিওনেল মেসি। ইউনিসেফের লটারিতে নির্বাচিত কয়েকটি পরিবারের একটি ছিল ইয়ামালের পরিবার। তখন কেউ কল্পনাও করেনি, ছবির দুই মুখ একদিন বিশ্ব ফুটবলের দুই আলোচিত তারকায় পরিণত হবেন। ক্রীড়াভিত্তিক ওটিটি প্ল্যাটফর্ম ডিএজেডএনকে দেওয়া এক সাক্ষাৎকারে মেসির বিপক্ষে খেলার অপেক্ষার কথা জানিয়েছেন ইয়ামাল। তিনি বলেন, ‘আমি এখন কিছুটা বড় হয়েছি, লিও’র বয়সও বেড়েছে। আশা করছি ফাইনালে ওর মুখোমুখি হতে পারব। বিশেষ করে ফিনালিসিমা ম্যাচটি (ইউরো ও কোপা চ্যাম্পিয়নদের ম্যাচ) যেহেতু মাঠে গড়ায়নি, তাই এই ফাইনালটি আমার জন্য অনেক বড় সুযোগ।’ ইয়ামালের সেই প্রত্যাশা এখন বাস্তবে রূপ নিচ্ছে। ফিনালিসিমা না হলেও বিশ্বকাপের ফাইনালের মতো আরও বড় মঞ্চে দেখা হবে দুই প্রজন্মের দুই তারকার। একদিকে বিশ্বকাপ ধরে রাখার লক্ষ্য নিয়ে মাঠে নামবেন মেসি, অন্যদিকে স্পেনকে দ্বিতীয় বিশ্বকাপ জেতানোর স্বপ্নে নেতৃত্ব দেবেন ইয়ামাল। নিয়তির এই গল্পে সময় যেন এঁকে দিয়েছে একটি পূর্ণ বৃত্ত! যে হাত একদিন শিশুকে আগলে রেখেছিল, সেই হাতের মালিকই এবার তার সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বী। দাতব্য অনুষ্ঠানের সেই স্মরণীয় ছবির দুই চরিত্র এবার ফুটবল বিশ্বের সবচেয়ে মর্যাদাপূর্ণ মঞ্চে শিরোপার জন্য লড়বেন মুখোমুখি!

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত