ঢাকা শনিবার, ১৮ জুলাই ২০২৬, ৩ শ্রাবণ ১৪৩৩ | বেটা ভার্সন

ডোপ পরীক্ষায় পজিটিভ, নিষিদ্ধ পাকিস্তানি তারকা

ডোপ পরীক্ষায় পজিটিভ, নিষিদ্ধ পাকিস্তানি তারকা

ডোপ টেস্টে নিষিদ্ধ গাঁজাসংশ্লিষ্ট উপাদানের উপস্থিতি ধরা পড়ায় পাকিস্তানের অলরাউন্ডার মোহাম্মদ নওয়াজকে তিন মাসের জন্য নিষিদ্ধ করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। তবে পুনর্বাসন কর্মসূচি সম্পন্ন করলে এই নিষেধাজ্ঞার মেয়াদ কমতে পারে। গতকাল শুক্রবার এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা। ৩২ বছর বয়সী নওয়াজ চলতি বছরের ফেব্রুয়ারিতে টি-টোয়েন্টি বিশ্বকাপে নেদারল্যান্ডসের বিপক্ষে পাকিস্তানের ম্যাচের পর দেওয়া নমুনায় কার্বক্সি-টিএইচসির উপস্থিতি ধরা পড়ে। এটি গাঁজার মনঃপ্রভাবকারী উপাদান টিএইচসির একটি বিপাকজাত উপাদান এবং আইসিসির অ্যান্টি-ডোপিং বিধিমালা অনুযায়ী ‘সাবস্ট্যান্স অব অ্যাবিউজ’ হিসেবে তালিকাভুক্ত।

আইসিসি জানায়, নওয়াজ ডোপিং বিধি ভঙ্গের বিষয়টি স্বীকার করেছেন। পাশাপাশি তিনি প্রমাণ করতে সক্ষম হয়েছেন যে, ওই নিষিদ্ধ উপাদানটি প্রতিযোগিতার বাইরে এবং ক্রীড়া পারফরম্যান্স বৃদ্ধির উদ্দেশ্যে ব্যবহার করা হয়নি। সে কারণে তাকে তিন মাসের নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। এই নিষেধাজ্ঞা ১ মে থেকে কার্যকর ধরা হয়েছে, যেদিন তিনি স্বেচ্ছায় অস্থায়ী নিষেধাজ্ঞা মেনে নিয়েছিলেন। আইসিসি আরও জানিয়েছে, নওয়াজ ইতোমধ্যে প্রায় আড়াই মাস অস্থায়ী নিষেধাজ্ঞার আওতায় কাটিয়েছেন। এছাড়া তিনি পুনর্বাসন কর্মসূচিতে অংশ নিতে সম্মত হওয়ায় তার অস্থায়ী নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়েছে।

ডোপিং বিধিমালা অনুযায়ী, নেদারল্যান্ডসের বিপক্ষে ৭ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ম্যাচ এবং এরপর ১ মে পর্যন্ত তিনি যেসব ম্যাচ খেলেছেন, সেগুলোর ব্যক্তিগত পারফরম্যান্সের রেকর্ড বাতিল করা হয়েছে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত