
সাউথ এশিয়ান কারাতে প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছে হিমালয়ের দেশ নেপাল। গতকাল রোববার শহিদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে অনুষ্ঠিত দুদিনব্যাপী খেলা শেষে তারা ২৭টি স্বর্ণ, ১৪টি রৌপ্য ও ১১টি ব্রোঞ্জপদক জিতে সেরা হয়।
রানার্স আপ ভারত পেয়েছে ১৭টি স্বর্ণ, ১৬টি রৌপ্য ও ১৭টি ব্রোঞ্জ।
আর তৃতীয় স্থান অধিকারী স্বাগতিক বাংলাদেশ পেয়েছে ১২টি স্বর্ণ, ১৫টি রৌপ্য ও ৩৪টি ব্রোঞ্জপদক। খেলা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন সমাজকল্যাণ মন্ত্রী অধ্যাপক ডা. এজেডএম জাহিদ হোসেন এমপি।
এ সময় যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোছা. আমেনা বেগম, সাউথ এশিয়ান কারাতেদো ফেডারেশনের সভাপতি ভারত শর্মা, বাংলাদেশ কারাতে ফেডারেশনের সাবেক সভাপতি মো. শাহজাদা আলম ও সাবেক সাধারণ সম্পাদক মো. মোয়াজ্জেম হোসেন সেন্টু উপস্থিত ছিলেন।