
দক্ষিণ এশিয়ার ফুটবল শ্রেষ্ঠত্বের প্রতিযোগিতা সাফ চ্যাম্পিয়নশিপের পঞ্চদশ আসরের আয়োজন করবে বাংলাদেশ। সাফের সভায় এই সিদ্ধান্ত চূড়ান্ত হয়েছে। দুই বছর বিরতির পর ২০২৫ সালে আসরটি মাঠে গড়ানোর কথা ছিল। কিন্তু নানা জটিলায় নির্ধারিত সময়ে আয়োজন করতে পারেনি সাফ। অবশেষে সে জটিলতা কাটল। আগামী ৪ নভেম্বর এই প্রতিযোগিতা শুরু হয়ে ১৭ নভেম্বর শেষ হবে। টুর্নামেন্টের সব ম্যাচ হবে ঢাকায়। সাউথ এশিয়ান ফুটবল ফেডারেশন (সাফ) গতকাল মঙ্গলবার নিশ্চিত করেছে আয়োজক হিসেবে বাংলাদেশের নাম। আগামী ২৫ জুলাই প্রতিযোগিতার আনুষ্ঠানিক লোগো উন্মোচন হবে ঢাকায়। তবে, ১ আগাস্ট ভুটানের থিম্পুতে আনুষ্ঠানিক ড্র হওয়ার কথা রয়েছে। দেশের মাঠে প্রথম সাফ খেলার সুযোগ পাচ্ছেন হামজা চৌধুরী, শোমিত সোম, ফাহামিদুল ইসলামরা। ২০১৮ সালে সবশেষ এই প্রতিযোগিতার আয়োজন করেছিল বাংলাদেশ। এর আগে ২০০৩ ও ২০০৯ সালের আয়োজক ছিল বাংলাদেশ। ২০০৩ সালের আসরে প্রথম ও সবশেষ উড়েছিল লাল-সবুজের বিজয় কেতন। সবশেষ ২০২৩ সালে এই টুর্নামেন্ট হয়েছিল ভারতের বেঙ্গালুরুতে। সেবার, সেমি-ফাইনালে উঠেছিল বাংলাদেশ। প্রতিযোগিতার রেকর্ড চ্যাম্পিয়ন ভারত, এ পর্যন্ত ৯টি শিরোপা জিতেছে তারা। ভারতের বাইরে কেবল দুটি শিরোপা আছে মালদ্বীপের, ২০০৮ ও ২০১৮ সালে চ্যাম্পিয়ন হয়েছিল দ্বীপ দেশটি। বাংলাদেশ ছাড়া একবার করে এই ট্রফি জিতেছে আফগানিস্তান (২০১৩), শ্রীলঙ্কা (১৯৯৫)।