
ইনিংসের দ্বিতীয় ওভার আর রিচার্ড এনগারাভার প্রথম ডেলিভারি সেটি। দুর্দান্ত সুইঙ্গিং ডেলিভারি অল্পের জন্য বৈভাব সুরিয়াভানশির ব্যাটের কানা স্পর্শ করল না। ব্যাটসম্যানের জন্য সতর্কবার্তা বটে। তবে সাবধানে খেলা তো সুরিয়াভানশির ধাতে নেই! এনগারাভার পরের বলটি হলো এরপর। এরপর টানা তিন বলে ছক্কা, চার, ছক্কা! এরপর ব্র্যাড ইভান্স, ব্লেসিং মুজারাবানির ওপরও ছড়ি ঘোরালেন সুরিয়াভানশি। আন্তর্জাতিক ক্যারিয়ারের প্রথম ফিফটিতে পা রাখলেন স্রেফ ১৮ বলে। একটি রেকর্ডও হয়ে গেল তাতে। জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে গতকাল বৃহস্পতিবার হারারেতে এই ইনিংসটি খেলেন সুরিয়াভানশি। আন্তর্জাতিক ক্রিকেটে সবচেয়ে কম বয়সে ফিফটির রেকর্ড এখন তার। ১৫ বছর ১১৮ দিন বয়সে ফিফটি করে রেকর্ডটি গড়লেন ভারতের ব্যাটিং-বিস্ময়। ভেঙে দিলেন তিনি নেপালের কুশাল মাল্লার রেকর্ড। ২০২০ সালে যুক্তরাষ্ট্রের বিপক্ষে ওয়ানডেকে কুশাল ফিফটি করেছিলেন ১৫ বছর ৩৪০ দিন বয়সে। ১৬ বছর বয়সের আগে ফিফটি এই দুজনেরই। ১৬ বছর ৫৬ দিন বয়সে ফিফটি করে জিব্রাল্টারের লুইস ব্রুস আছেন এই তালিকার তিনে। ভারতের হয়ে সর্বকনিষ্ঠ হাফ সেঞ্চুরিয়ান এতদিন যিনি ছিলেন, সেটি ক্রিকেট ইতিহাসেই একটি রূপকথা হয়ে আছে। ক্যারিয়ারের দ্বিতীয় টেস্টে ওয়াসিম আকরাম, ইমরান খান, আব্দুল কাদিরদের সামলে ৫৯ রানের ইনিংস খেলেছিলেন সাচিন টেন্ডুলকার। ১৯৮৯ সালের সেই ফায়সালাবাদ টেস্টের ইনিংসটির সময় বয়স ছিল তার ১৬ বছর ২১৩ দিন। প্রথম ফিফটির ইনিংসটি অবশ্য খুব বড় করতে পারেননি সুরিয়াভানশি। চারটি করে চার ও ছক্কায় ১৮ বলে ফিফটি করার পরের বলেই আউট হয়ে গেছেন এনগারাভার স্লোয়ারে। তবে ১২৬ রান তাড়ায় দলকে উড়ন্ত সূচনা ততক্ষণে এনে দিয়েছেন। ভারত ম্যাচ জিতে নেয় ৭ উইকেটে। বয়সভিত্তিক ক্রিকেট, আইপিএল, ভারতের ইমার্জিং দল ও ‘এ’ দলের হয়ে রেকর্ডের পর রেকর্ড গড়ে ক্রিকেট বিশ্বজুড়ে তোলপাড় তুলে এই মাসের শুরুতে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয় তার। তবে ইংল্যান্ডের বিপক্ষে সিরিজে তিন ম্যাচ খেলে রান করেছিলেন মোট ৪২। সেই তুলনায় জিম্বাবুয়ে তুলনামূলক সহজ প্রতিপক্ষ। তবে ইনিংসটি তাকে নিশ্চিতভাবেই আত্মশ্বিাস জোগাবে সামনের পথচলায়। হয়তো অনেক রেকর্ডের সবে শুরু!