ঢাকা শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ৯ শ্রাবণ ১৪৩৩ | বেটা ভার্সন

১৭ বছর পর লর্ডসে টেস্ট খেলবে বাংলাদেশ

১৭ বছর পর লর্ডসে টেস্ট খেলবে বাংলাদেশ

দীর্ঘ ১৭ বছরের অপেক্ষা শেষে আগামী বছরের মে মাসে ইংল্যান্ডের মাটিতে টেস্ট খেলবে বাংলাদেশ। ঘরের মাঠে বাংলাদেশের বিপক্ষে একমাত্র টেস্টের সূচি গতকাল বৃহস্পতিবার চূড়ান্ত করেছে ইংল্যান্ড এন্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)।

২০২৭ সালের ২৮ মে থেকে ঐতিহাসিক লর্ডসে সিরিজের একমাত্র টেস্ট খেলতে নামবে বাংলাদেশ ও ইংল্যান্ড।

২০০৫ সালে প্রথম ইংল্যান্ডের মাটিতে টেস্ট খেলেছিল বাংলাদেশ। দুই ম্যাচের সিরিজ ২-০ ব্যবধানে হেরেছিল টাইগাররা।

এরপর ২০১০ সালে দ্বিতীয় ও সর্বশেষ ইংল্যান্ডে টেস্ট খেলে বাংলাদেশ। সেবারও দুই ম্যাচের টেস্ট সিরিজে হোয়াইটওয়াশ হয় টাইগাররা। এরপর আর কখনও ইংল্যান্ডে টেস্ট খেলা হয়নি বাংলাদেশের।

বাংলাদেশের মাটিতে তিনবার টেস্ট সিরিজ খেলেছে ইংল্যান্ড। ২০০৩ ও ২০১০ সালে দুই ম্যাচের সিরিজ ২-০ ব্যবধানে জিতে ইংলিশরা। ২০১৬ সালে বাংলাদেশ সফরে টেস্ট সিরিজ জিততে পারেনি ইংল্যান্ড। দুই ম্যাচের সিরিজ ১-১ সমতায় শেষ হয়। চট্টগ্রামে প্রথম টেস্ট ২২ রানে জিতেছিল ইংল্যান্ড। ঢাকায় পরের ম্যাচ ১০৮ রানে জিতে ইংলিশদের বিপক্ষে প্রথমবারের মত টেস্ট জয়ের স্বাদ পায় বাংলাদেশ। এখন পর্যন্ত টেস্টে ১০ বার ইংল্যান্ডের মুখোমুখি হয়েছে টাইগাররা। এরমধ্যে বাংলাদেশের জয় ১টিতে এবং হার ৯টিতে। ইসিবি আরও জানিয়েছে, বাংলাদেশ পুরুষ দলের পর ঐ বছরের সেপ্টেম্বরে ইংল্যান্ড সফর করবে বাংলাদেশ নারী দলও। সেই সূচিও চূড়ান্ত করেছে ইসিবি। ইংল্যান্ড সফরে তিনটি করে ওয়ানডে ও টি টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ নারী দল। ৮ সেপ্টেম্বর নর্দাম্পটন, ১০ সেপ্টেম্বর টনটন ও ১২ সেপ্টেম্বর ওস্টারশায়ারে ইংল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের ম্যাচগুলো খেলবে বাংলাদেশ। এরপর ১৭ সেপ্টেম্বর হোভে ওয়ানডে সিরিজ শুরু করবে বাংলাদেশ ও ইংল্যান্ড নারী দল। ২১ সেপ্টেম্বর কেন্টাবেরি ও ২৪ সেপ্টেম্বর চেমসফোর্ডে ওয়ানডে সিরিজের বাকী দুই ম্যাচ অনুষ্ঠিত হবে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত