ঢাকা শনিবার, ২৫ জুলাই ২০২৬, ১০ শ্রাবণ ১৪৩৩ | বেটা ভার্সন

হকিতেও চ্যালেঞ্জিং গ্রুপে বাংলাদেশ

হকিতেও চ্যালেঞ্জিং গ্রুপে বাংলাদেশ

এশিয়ান গেমসের হকি ড্র অনুষ্ঠিত হয়ে গেল বৃহস্পতিবার। যেখানে বাংলাদেশ পুরুষ ও নারী উভয় বিভাগেই বেশ কঠিন চ্যালেঞ্জের মুখোমুখি হতে যাচ্ছে। এশিয়ান গেমসের অন্যতম পরাশক্তি এবং বর্তমান চ্যাম্পিয়ন ভারত ও স্বাগতিক জাপানের সাথে পুরুষ বিভাগের এ- পুলে স্থান পেয়েছে বাংলাদেশ। এই গ্রুপে তাদের অন্য সঙ্গীরা হলো দক্ষিণ কোরিয়া, শ্রীলঙ্কা এবং ইন্দোনেশিয়া। টুর্নামেন্টের অন্যতম বড় আকর্ষণ ভারত ও পাকিস্তানকে গ্রুপ পর্বে আলাদা রাখা হয়েছে; পাকিস্তান রয়েছে বি- পুলে। যেখানে তাদের লড়তে হবে মালয়েশিয়া, চীন, ওমান, উজবেকিস্তান ও থাইল্যান্ডের বিপক্ষে। অন্যদিকে নারী বিভাগেও লাল-সবুজ প্রতিনিধিদের জন্য অপেক্ষা করছে কঠিন চ্যালেঞ্জ, যেখানে এ- পুলে তাদের লড়তে হবে চীন, দক্ষিণ কোরিয়া, মালয়েশিয়া, কাজাখস্তান ও চাইনিজ তাইপের মতো শক্তিশালী দলগুলোর বিপক্ষে। নারী হকির পুল ‘বি’-তে রয়েছে ভারত, জাপান, থাইল্যান্ড, সিঙ্গাপুর, ইন্দোনেশিয়া এবং উজবেকিস্তান। চূড়ান্ত সূচি অনুযায়ী, আগামী ১৮ সেপ্টেম্বর জাপানের গিফু প্রিফেকচারাল গ্রিন স্টেডিয়ামে পর্দা উঠবে এই হকি মহারণের, যা চলবে ৩ অক্টোবর পর্যন্ত। ফরম্যাট অনুযায়ী দুই পুলে বিভক্ত হয়ে মোট ১২টি দল শিরোপার লড়াইয়ে নামবে। নিয়মটা বরাবরের মতোই প্রতিটি গ্রুপের শীর্ষ দুটি দল সরাসরি জায়গা করে নেবে সেমিফাইনালে, আর বাকিদের লড়তে হবে স্থান নির্ধারণী বা ক্লাসিফিকেশন ম্যাচে। নারী বিভাগের পদক ফয়সালা হবে ২ অক্টোবর এবং পরদিন ৩ অক্টোবর অনুষ্ঠিত হবে পুরুষ বিভাগের স্বর্ণপদকের মেগা ফাইনাল।

বাংলাদেশের দুই হকি দলের জন্যই সূচিটা বেশ ঠাসা। ১৮ সেপ্টেম্বর দক্ষিণ কোরিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে বাংলাদেশ পুরুষ দলের এশিয়ান গেমসের মিশন। এরপর ২২ সেপ্টেম্বর স্বাগতিক জাপান, ২৪ সেপ্টেম্বর শ্রীলঙ্কা এবং ২৬ সেপ্টেম্বর ইন্দোনেশিয়ার বিপক্ষে মাঠে নামবে লাল-সবুজরা। তবে গ্রুপ পর্বের সবচেয়ে বড় মহারণটি অপেক্ষা করছে ২৮ সেপ্টেম্বর, সেদিন বর্তমান চ্যাম্পিয়ন ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ। অন্যদিকে, ১৯ সেপ্টেম্বর শক্তিশালী চীনের বিপক্ষে ম্যাচ দিয়ে নারী দলের লড়াই শুরু হবে। এরপর পর্যায়ক্রমে ২১ সেপ্টেম্বর মালয়েশিয়া, ২৩ সেপ্টেম্বর দক্ষিণ কোরিয়া, ২৫ সেপ্টেম্বর কাজাখস্তান এবং ২৭ সেপ্টেম্বর চাইনিজ তাইপের বিপক্ষে গ্রুপ পর্বের বাধা পার করার লক্ষ্যে মাঠে নামবেন বাংলাদেশের মেয়েরা। এদিকে এবারের এশিয়ান গেমসটি আগামী লস অ্যাঞ্জেলেস অলিম্পিক ২০২৮-এর মহাদেশীয় বাছাইপর্ব হিসেবে বিবেচনা করা হবে। তাই প্রতিটি দলের জন্যই এখানে বাড়তি এক সমীকরণ কাজ করবে। জিতলেই মিলবে অলিম্পিকের টিকিট।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত