
কিছু প্রত্যাবর্তন শুধুই ফিরে আসা নয়, পুরোনো গল্পের নতুন অধ্যায়। বাংলাদেশের মহাতারকা ফুটবলার হামজা চৌধুরীর শেফিল্ড ইউনাইটেডে ফেরাটাও তেমনই। এক মৌসুম আগে যে ক্লাবে ধারে গিয়ে প্রিমিয়ার লিগে ওঠার স্বপ্ন দেখেছিলেন, এবার সেই ক্লাবেই ফিরছেন তিনি-তবে এবার আর ধারে নয়, পাকাপাকিভাবে। লেস্টার সিটির সঙ্গে হামজার সম্পর্কটা ছিল নিছক একজন ফুটবলারের সঙ্গে একটি ক্লাবের সম্পর্ক নয়। মাত্র সাত বছর বয়সে লেস্টারের একাডেমিতে পা রাখা, সেখান থেকে বয়সভিত্তিক দল পেরিয়ে ২০১৭ সালে মূল দলে অভিষেক-দীর্ঘ পথের প্রতিটি বাঁকে জড়িয়ে আছে তার ক্যারিয়ারের স্মৃতি। লেস্টারের জার্সিতে ১৬৬ ম্যাচ খেলে এফএ কাপ, কমিউনিটি শিল্ড ও চ্যাম্পিয়নশিপের শিরোপাও জিতেছেন বাংলাদেশের এই মিডফিল্ডার!
সেই দীর্ঘ সম্পর্ক এবার শেষ হতে যাচ্ছে। দুই ক্লাবের সমঝোতায় কোনো ট্রান্সফার ফি ছাড়াই ২৮ বছর বয়সী হামজাকে ছেড়ে দিচ্ছে লেস্টার। ইংল্যান্ডের দলবদলের শেষ দিনেই আনুষ্ঠানিকতা শেষ হওয়ার কথা।