ঢাকা মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ | বেটা ভার্সন

চৈতী-শহিদুল্লাদের অনুশীলনে নজর এনএসসির কর্তাদের

চৈতী-শহিদুল্লাদের অনুশীলনে নজর এনএসসির কর্তাদের

আসন্ন এশিয়ান প্যারা গেমসকে সামনে রেখে ন্যাশনাল প্যারালিম্পিক কমিটি (এনপিসি) বাংলাদেশের তত্ত্বাবধানে চলমান প্রস্তুতিমূলক প্রশিক্ষণ ক্যাম্প পরিদর্শন করেছেন জাতীয় ক্রীড়া পরিষদের পরিচালক (ক্রীড়া) মোহাম্মদ জাহেদ পারভেজ চৌধুরী এবং পরিচালক (প্রশাসন) টিটন খীসা। গতকাল সোমবার ঢাকার জাতীয় স্টেডিয়ামে চলমান প্যারা অ্যাথলেটদের প্রশিক্ষণ কার্যক্রম আকস্মিকভাবে পরিদর্শন করেন তারা। এ সময় ক্যাম্পে অংশ নেওয়া অ্যাথলেটদের সঙ্গে মতবিনিময় করেন জাতীয় ক্রীড়া পরিষদের দুই কর্মকর্তা।

তারা খেলোয়াড়দের প্রশিক্ষণের অগ্রগতি, প্রস্তুতির ধরন ও ক্যাম্পের সুযোগ-সুবিধা সম্পর্কে খোঁজখবর নেন। পাশাপাশি এশিয়ান প্যারা গেমসে দেশের জন্য সর্বোচ্চ সাফল্য অর্জনের লক্ষ্যে অ্যাথলেটদের উৎসাহ ও অনুপ্রেরণা দেন। এ সময় ন্যাশনাল প্যারালিম্পিক কমিটি অব বাংলাদেশের (এনপিসি) সহ-সভাপতি মো. সানোয়ার হোসেন, মহাসচিব ড. মারুফ আহমেদ মৃদুল, উপ-মহাসচিব মো. হেদায়তুল আজিজ এবং নির্বাহী সদস্য মো. আনোয়ার কবির চৌধুরীসহ সংগঠনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

পরিদর্শনকালে প্যারা অ্যাথলেটদের কঠোর পরিশ্রম, শৃঙ্খলা, নিষ্ঠা ও আত্মনিবেদনের প্রশংসা করেন জাতীয় ক্রীড়া পরিষদের পরিচালক (ক্রীড়া) মোহাম্মদ জাহেদ পারভেজ চৌধুরী।

তিনি বলেন, আন্তর্জাতিক পর্যায়ে সাফল্য অর্জনের জন্য নিয়মিত প্রশিক্ষণের পাশাপাশি আত্মবিশ্বাস, শৃঙ্খলা ও দৃঢ় মনোবল অত্যন্ত গুরুত্বপূর্ণ।' প্রতিকূলতা জয় করে নিজেদের সামর্থের সর্বোচ্চটা দিয়ে প্রতিযোগিতায় অংশ নেওয়ার জন্য তিনি অ্যাথলেটদের প্রতি আহ্বান জানান। জাতীয় ক্রীড়া পরিষদের পরিচালক (প্রশাসন) টিটন খীসা প্রশিক্ষণ ক্যাম্পের সার্বিক ব্যবস্থাপনা ও সুযোগ-সুবিধার বিষয়ে খোঁজখবর নেন। অ্যাথলেটদের প্রশিক্ষণ কার্যক্রম আরও কার্যকর করতে প্রয়োজনীয় সহযোগিতা ও সমর্থনের আশ্বাসও দেন তিনি।

এ সময় দেশের ক্রীড়া উন্নয়নে সরকারের পৃষ্ঠপোষকতা ও সহযোগিতার বিষয়টি তুলে ধরেন জাহেদ পারভেজ। তিনি প্রধানমন্ত্রী তারেক রহমান এবং যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হকের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, 'সরকারের ধারাবাহিক সহযোগিতা ও পৃষ্ঠপোষকতা প্যারা অ্যাথলেটদের আত্মবিশ্বাস বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।' প্যারা স্পোর্টসকে আরও এগিয়ে নিতে সরকারের বিভিন্ন উদ্যোগের কথাও তুলে ধরেন তিনি।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত