
বাংলাদেশ ফুটবল লিগে গোলের উৎসব দেখা গেছে। গতকাল শনিবার দুই ম্যাচে প্রতিপক্ষের জালে ১৪ বার বল পাঠিয়েছে বাংলাদেশ পুলিশ এফসি ও মোহামেডান স্পোর্টিং ক্লাব। ফকিরেরপুল ইয়াং মেনস ক্লাবকে ৮-০ গোলে উড়িয়ে দিয়েছে পুলিশ। অন্যদিকে আরামবাগ ক্রীড়া সংঘকে ৬-০ গোলে হারিয়েছে মোহামেডান। দুই দলের জয়ের দিনে হ্যাটট্রিক করেছেন পুলিশের সেনেগালিজ ফরোয়ার্ড মোহাম্মদ রাসুল বা ও মোহামেডানের মালিয়ান ফরোয়ার্ড সুলেমান দিয়াবাতে।
শনিবার গাজীপুরের শহীদ বরকত স্টেডিয়ামে ফকিরেরপুল ইয়াং মেনস ক্লাবকে ৮-০ গোলে হারায় পুলিশ এফসি। প্রথমার্ধেই ৩-০ গোলে এগিয়ে যায় তারা। ম্যাচে হ্যাটট্রিক করেন রাসুল বা। জোড়া গোল করেছেন এমএস বাবলু। বাকি তিনটি গোল করেন রাব্বি হোসেন রাহুল, আরমান ফয়সাল আকাশ ও মানিক মোল্লা। এ জয়ে লিগে টানা তৃতীয় জয় তুলে নিয়েছে পুলিশ। তিন ম্যাচ খেলে শতভাগ জয়ের রেকর্ড ধরে রেখেছে তারাই। নতুন মৌসুমে দুর্দান্ত ছন্দে থাকা দলটি তিন ম্যাচে করেছে ১২ গোল। বিপরীতে এখনো কোনো গোল হজম করেনি পুলিশ। দিনের অন্য ম্যাচে মুন্সীগঞ্জের ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে আরামবাগ ক্রীড়া সংঘের মুখোমুখি হয় মোহামেডান। কুমিল্লা থেকে হোম ভেন্যু বদলে মুন্সীগঞ্জে ফিরেই সমর্থকদের বড় জয় উপহার দিয়েছে সাদা-কালোরা। ফের্নান্দো ভারেলার দল জিতেছে ৬-০ গোলে। প্রথমার্ধে ২-০ গোলে এগিয়ে থাকা মোহামেডান বিরতির পর আরও চারটি গোল করে। মোহামেডানের জার্সিতে ফিরেই হ্যাটট্রিক করেছেন দিয়াবাতে। এক মৌসুম আবাহনীতে কাটিয়ে সাদা-কালো শিবিরে ফিরে প্রথম ম্যাচেই দারুণ পারফরম্যান্স উপহার দিয়েছেন মালির এই ফরোয়ার্ড। বাকি তিনটি গোল করেছেন মিনহাজুর আবেদীন রাকিব, সৌরভ দেওয়ান ও শাহরিয়ার ইমন।
তৃতীয় রাউন্ড শেষে পয়েন্ট টেবিলের শীর্ষে রয়েছে বাংলাদেশ পুলিশ এফসি। তিন ম্যাচে তাদের সংগ্রহ ৯ পয়েন্ট। সমান ম্যাচে ৭ পয়েন্ট নিয়ে দুই ও তিনে ফর্টিস এফসি ও সিটি ক্লাব। গোল ব্যবধানে এগিয়ে থাকায় দুইয়ে ফর্টিস, তিনে সিটি ক্লাব। দুই ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে চারে মোহামেডান। সমান ৪ পয়েন্ট নিয়ে পাঁচ ও ছয়ে রয়েছে কিংস ও আবাহনী লিমিটেড।