ঢাকা শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ৮ কার্তিক ১৪৩৩ | বেটা ভার্সন

ব্যাট হাতে দাপট দেখাল বিসিবি একাদশ

আলিনের ১৩৫, জিসানের ৮৬
ব্যাট হাতে দাপট দেখাল বিসিবি একাদশ

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে আসন্ন সিরিজের প্রস্তুতিতে ব্যাট হাতে নিজেদের সামর্থ্যের জানান দিলেন বাংলাদেশের তরুণ ক্রিকেটাররা। বসুন্ধরা স্পোর্টস সিটির ক্রিকেট মাঠে দুই দিনের প্রস্তুতি ম্যাচের প্রথম দিনেই ব্যাটিং দাপট দেখিয়েছে বিসিবি একাদশ। জিসান আলমের আক্রমণাত্মক ৮৬ রানের ইনিংসের পর কালাম সিদ্দিকী আলিনের সেঞ্চুরিতে ভর করে ৯০ ওভারে ৭ উইকেটে ৩৭১ রান তুলে দিন শেষ করেছে স্বাগতিকরা। গতকাল বৃহস্পতিবার টস জিতে শুরুতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছিল ওয়েস্ট ইন্ডিজ। তাদের সিদ্ধান্তের সুফলও মিলেছিল দ্রুত। পেসার জেডেন সিলসের বলে মাত্র ৪ রান করে ফিরে যান ওপেনার মাহফিজুল ইসলাম। তবে প্রথম উইকেট হারানোর ধাক্কা সামলে পাল্টা আক্রমণে যায় বিসিবি একাদশ।

জিসান আলম ও ইফতেখার হোসেন ইফতি দ্বিতীয় উইকেটে যোগ করেন ৭৫ রান।

ইফতেখার ৬২ বল খেলে ১৮ রান করে জোমেল ওয়ারিকানের শিকার হলে জুটিটি ভাঙে। তবে তাতে জিসানের ব্যাটিংয়ের গতি কমেনি। ওয়েস্ট ইন্ডিজের বোলারদের ওপর চড়াও হয়ে দ্রুত রান তুলতে থাকেন এই ওপেনার। ১০০ বলে ১১টি চার ও দুটি ছক্কায় ৮৬ রান করে জশুয়া বিশপের বলে থামেন তিনি। তার ইনিংসটি বিসিবি একাদশকে বড় সংগ্রহের ভিত গড়ে দেয়।

জিসানের বিদায়ের পর ইনিংসের দায়িত্ব কাঁধে তুলে নেন কালাম সিদ্দিকী আলিন ও অধিনায়ক জাকের আলী অনিক। চতুর্থ উইকেটে দুজনের ৭৪ রানের জুটি দলকে আরও এগিয়ে নেয়। জাকের ৩০ রান করে বিশপের দ্বিতীয় শিকারে পরিণত হলেও ক্রিজে অবিচল ছিলেন আলিন। একপ্রান্ত আগলে রেখে যেমন রান তুলেছেন, তেমনি দলের স্কোরও নিয়ে গেছেন বড় সংগ্রহের দিকে।

আলিনের ব্যাটে ছিল ধৈর্য ও আক্রমণের দারুণ সমন্বয়। ১৮৪ বল মোকাবিলা করে ২০টি চার ও একটি ছক্কায় ১৩৫ রান করেন তিনি। তার সঙ্গে গুরুত্বপূর্ণ অবদান রাখেন রিজওয়ান চৌধুরী। ৫৯ রানের ইনিংস খেলে আউট হন রিজওয়ান। অন্যদিকে শামীম হোসেন পাটোয়ারী ৩৫ রানে অপরাজিত থেকে দিনের খেলা শেষ করেন।

ওয়েস্ট ইন্ডিজের বোলারদের মধ্যে জশুয়া বিশপ ও কাভেম হজ দুটি করে উইকেট নেন। জেডেন সিলস ও জোমেল ওয়ারিকান পান একটি করে উইকেট। তবে উইকেট পেলেও বিসিবি একাদশের রান তোলার গতি পুরোপুরি আটকে রাখতে পারেনি ক্যারিবীয় বোলিং আক্রমণ। প্রথম দিনের খেলা শেষে ৭ উইকেট হারিয়ে ৩৭১ রান সংগ্রহ করেছে বিসিবি একাদশ। প্রস্তুতি ম্যাচের প্রথম দিনেই দলের ব্যাটারদের এমন পারফরম্যান্স ওয়েস্ট ইন্ডিজ সিরিজের আগে বাংলাদেশের জন্য ইতিবাচক বার্তা। দ্বিতীয় দিনে বাকি উইকেটগুলো নিয়ে স্বাগতিকরা কত দূর যেতে পারে, আর জবাবে ক্যারিবীয় ব্যাটাররা কেমন করেন, এখন সেদিকেই নজর থাকবে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত