ঢাকা বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩ | বেটা ভার্সন

এশিয়া কাপে স্বর্ণজয় বাংলাদেশের মেয়েদের

এশিয়া কাপে স্বর্ণজয় বাংলাদেশের মেয়েদের

আর্চারিতে আবারও সাফল্যের মুকুট পরল বাংলাদেশ। প্রতিপক্ষ কাজাখস্তান। কিন্তু ফাইনালে তাদের কোনো সুযোগই দিলেন না বাংলাদেশের তিন নারী আর্চার। শুরু থেকে শেষ পর্যন্ত দাপট দেখিয়ে কম্পাউন্ড নারী দলগত ইভেন্টে স্বর্ণপদক জিতেছে লাল-সবুজের প্রতিনিধিরা। ইরাকের সুলায়মানিয়ায় অনুষ্ঠিত এশিয়া কাপ-ওয়ার্ল্ড র‍্যাঙ্কিং টুর্নামেন্টের দ্বিতীয় পর্বে এই সাফল্য পেয়েছে বাংলাদেশ। ফাইনালে আজ বন্যা আক্তার, শ্রীপর্ণা বিশ্বাস ও কুলসুম আক্তার মনির সমন্বয়ে গড়া বাংলাদেশ দল কাজাখস্তানকে হারিয়েছে ২৩০-২২০ পয়েন্টে। চারটি এন্ডেই প্রতিপক্ষের চেয়ে এগিয়ে ছিলেন বাংলাদেশের আর্চাররা। ফলে শেষ পর্যন্ত ১০ পয়েন্টের ব্যবধানে সহজ জয় তুলে নিয়ে স্বর্ণপদক নিশ্চিত করেন তারা।

ফাইনালে শুরু থেকেই আত্মবিশ্বাসী ছিলেন বাংলাদেশের তিন আর্চার। প্রথম এন্ডে ৫৭ পয়েন্ট তুলে কাজাখস্তানের ৫৫ পয়েন্টের বিপরীতে এগিয়ে যায় বাংলাদেশ। দ্বিতীয় এন্ডে বাংলাদেশ আবারও ৫৭ পয়েন্ট অর্জন করে। বিপরীতে কাজাখস্তান করে মাত্র ৫২। এতে ব্যবধান আরও বাড়ে। তৃতীয় এন্ডে দুই দলই ভালো স্কোর করলেও বাংলাদেশ ৫৮-৫৬ পয়েন্টে এগিয়ে থাকে। শেষ এন্ডেও ৫৮ পয়েন্ট তুলে নিজেদের আধিপত্য ধরে রাখে বাংলাদেশের মেয়েরা। কাজাখস্তান শেষ এন্ডে করে ৫৭ পয়েন্ট। চার এন্ড মিলিয়ে বাংলাদেশের স্কোর দাঁড়ায় ২৩০, কাজাখস্তানের ২২০। দলগত ইভেন্টে স্বর্ণ জয়ের পাশাপাশি ব্যক্তিগত বিভাগেও পদক পেয়েছেন বাংলাদেশের আর্চার কুলসুম আক্তার মনি। কম্পাউন্ড নারী ব্যক্তিগত ইভেন্টে কাজাখস্তানের আয়াজানকে ১১৬-১১০ পয়েন্টে হারিয়ে ব্রোঞ্জ জিতেছেন তিনি। একই ইভেন্টে স্বর্ণ জয়ের সম্ভাবনাও রয়েছে বাংলাদেশের। ফাইনালে উঠেছেন বন্যা আক্তার। আগামীকাল স্বর্ণপদকের লড়াইয়ে কাজাখস্তানের মিলানার মুখোমুখি হবেন তিনি। ফলে ব্যক্তিগত বিভাগেও বাংলাদেশের জন্য আরও একটি পদক জয়ের সুযোগ তৈরি হয়েছে। তবে বন্যার জন্য দিনটি পুরোপুরি আনন্দের হয়নি। কম্পাউন্ড মিশ্র দলগত বিভাগে দ্বি-মুকুট জয়ের সুযোগ থাকলেও ফাইনালে হেরে যান তিনি। রাকিব আহমেদ নেওয়াজকে সঙ্গে নিয়ে কাজাখস্তানের বিপক্ষে লড়াইয়ে নেমেছিলেন বন্যা। কিন্তু শেষ পর্যন্ত ১৫৩-১৪২ পয়েন্টে পরাজিত হয় বাংলাদেশ।

মিশ্র দলগত ফাইনালের শুরুটা অবশ্য সমতায় হয়েছিল। প্রথম সেটে দুই দলের স্কোর ছিল ৩৮-৩৮। কিন্তু দ্বিতীয় সেটে বড় ব্যবধানে পিছিয়ে পড়ে বাংলাদেশ। ওই সেটে ২৯ পয়েন্টের বিপরীতে কাজাখস্তান করে ৩৯। ১০ পয়েন্টের এই ব্যবধানই ম্যাচের ভাগ্য অনেকটা নির্ধারণ করে দেয়।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত