
বাংলাদেশ নারী ফুটবল দলের গন্তব্য চট্টগ্রাম। প্রধান কোচ পিটার বাটলারের গন্তব্য ইংল্যান্ড। একদিকে মাঠের প্রস্তুতি, অন্যদিকে কোচের শারীরিক অসুস্থতা। বাংলাদেশ নারী ফুটবল দল এখন এমনই এক পরিস্থিতির সামনে। আবাসিক ক্যাম্প করতে গতকাল শুক্রবার সড়কপথে চট্টগ্রামে গেছে বাংলাদেশ নারী ফুটবল দল। ৪২ জন ফুটবলারকে নিয়ে দুটি বাস রওনা দেয় চট্টগ্রামের উদ্দেশে। তবে দলের সঙ্গে যাননি প্রধান কোচ পিটার বাটলার। শারীরিক অসুস্থতার কারণে গতকাল মধ্যরাতে ইংল্যান্ডে গেছেন এই ব্রিটিশ কোচ।
বাটলারের শরীরে কিছু সমস্যা দেখা দিয়েছে। ধারণা করা হচ্ছে, তাঁর শরীরে টিউমার হয়েছে। বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) সূত্র জানিয়েছে, প্রথমে ইংল্যান্ডে যেতে চাননি বাটলার। তবে স্ত্রীর জোরাজুরিতে শেষ পর্যন্ত তিনি চিকিৎসার জন্য দেশে ফিরেছেন। বাটলার কবে বাংলাদেশে ফিরবেন, সেটিও এখন অনিশ্চিত। বাফুফের নারী ফুটবল দলের দেখভালের দায়িত্বে থাকা মিডিয়া অফিসার খালিদ মাহমুদ প্রথম আলোকে বলেছেন, 'চিকিৎসা শেষে ইংল্যান্ড থেকে ঢাকা ফিরবেন বাটলার।' তবে চিকিৎসা শেষে কবে নাগাদ ফিরতে পারবেন, তা নির্ভর করছে তাঁর শারীরিক সুস্থতার ওপর। আগামী ডিসেম্বরে বাফুফের সঙ্গে বাটলারের চুক্তির মেয়াদ শেষ হবে। হাতে আছে আর মাত্র দুই মাস।