ঢাকা শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩ | বেটা ভার্সন

নেই উৎসবের আমেজ ভোগান্তি নিয়ে শুরু হচ্ছে সাফ

নেই উৎসবের আমেজ ভোগান্তি নিয়ে শুরু হচ্ছে সাফ

'দক্ষিণ এশিয়ার বিশ্বকাপ' খ্যাত সাফ চ্যাম্পিয়নশিপ মানেই উৎসব ও উন্মাদনা। ২০০৩, ২০০৯ ও ২০১৮ তিন আসরেই বাংলাদেশে উৎসবের উপলক্ষ্য এনেছিল সাফ। কিন্তু এবার এর ছিটেফোঁটা নেই। ঘণ্টা খানেক পরই ভারত-পাকিস্তান ম্যাচ দিয়ে সাফের ১৫তম আসরের পর্দা উঠছে। অথচ টুর্নামেন্টটি নেই কোনো আলোচনায়!

সাফে অংশ নিতে আসা প্রতিযোগী দল, সমর্থক, মিডিয়া সবাই ভোগান্তির মধ্যে পড়েছে। এত ভোগান্তির সাফ কেউ আগে দেখেনি। জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক জাহিদ হাসান এমিলি বলেন, 'আমি নিজে দেশে ও বিদেশে একাধিক সাফ খেলেছি। কোনো সাফই এরকম নিষ্প্রাণ লাগেনি। হামজা (চৌধুরী) বাংলাদেশের হয়ে খেলছে ফুটবলে, নব উন্মাদনায় সাফ ঢাকায় হচ্ছে, একটা বড় উৎসব হতে পারত। এর কিছুই নেই।

'বাংলাদেশের ফুটবল সমর্থক মেহেদী হাসান সাফের সূচি ও টিকিটের দাম নিয়ে অসন্তোষ প্রকাশ করে বলেন, 'বাংলাদেশ সাফের স্বাগতিক, অথচ শুক্র-শনিবার কোনো ম্যাচ নেই। যে দিনগুলোতে শিক্ষা প্রতিষ্ঠান ও অফিস ছুটি থাকে। আবার বাংলাদেশের ম্যাচগুলো রাত ৮টায়। এত রাতে ম্যাচ দেখে দর্শকদের বাড়ি ফিরে পরদিন সকালে অফিস-স্কুল-কলেজ যাওয়া কঠিন। এর পাশাপাশি ১০০০ টাকা দামে অতিমূল্যের টিকিট তো আছেই।'

স্বাগতিক দেশ টুর্নামেন্ট সফল করার জন্য নানা আয়োজন ও কর্মকাণ্ড পরিচালনা করে। বাফুফে স্বাগতিক হলেও সাফ নিয়ে তারা কিছুই করছে না। সব কিছুই সাফের দায়িত্বে। আবার সাফ নিজেও কিছু করছে না। টুর্নামেন্টের স্বত্ব কিনে সব কিছু করছেইভেন্ট ম্যানেজমেন্ট প্রতিষ্ঠান টিএসএ। তাদের অনেক কিছুতেই লেজেগোবরে অবস্থা! কিছুক্ষণ পরই টুর্নামেন্টের উদ্বোধন হতে যাচ্ছে, অথচ আসরের ট্রফিও উন্মোচন হয়নি। উদ্বোধনী অনুষ্ঠানে দেশের বিশিষ্ট ব্যক্তিবর্গ আনার ঘোষণা দিয়েছিল টিএসএ। সেটাও এখনও নিশ্চিত নয়। দুই খেলার মাঝে উদ্বোধনী অনুষ্ঠান কতটুকু কীভাবে হবে সেটিও এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে জানা যায়নি। সাফকে বরাবরই গুরুত্ব দিয়ে আসছে বাংলাদেশের গণমাধ্যমগুলো। কিন্তু সাংবাদিকরাই পদে পদে ভোগান্তিতে পড়েছেন। গতকাল ভারতের অনুশীলন কাভার করতে পারেনি বাংলাদেশি মিডিয়া। স্বাগতিক সাংবাদিকদের সঙ্গে অনেকটা অসদচারণই করেছে ভারতীয় টিম ম্যানেজমেন্ট। গতকাল হোটেলের ছোট একটি কক্ষে সংবাদ সম্মেলন হয়েছে। কার্ড সংগ্রহ করতেও সাংবাদিকদের ঝক্কি পোহাতে হয়। অ্যাক্রিডিটেশন কার্ডের পর আবার প্রেস বক্সের জন্য আলাদা পাস নিতে মধ্য দুপুরে আসতে হয়েছে সাংবাদিকদের। খেলা শুরু বিকেল সাড়ে ৩টায়। এত আগে পাস বন্টন ও বন্টন সংখ্যা নিয়েও সাংবাদিকদের অসন্তোষ ছিল। এর পাশাপাশি তথ্য সংগ্রহে বাফুফে ও সাফের ইঁদুর দৌড় খেলা তো রয়েছেই।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত