
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিলেট টেস্টে দুর্দান্ত শুরু করেছিল বাংলাদেশ দল। দিনের শুরুতে ২৭ রানে ৩ উইকেট হারায় ক্যারিবিয়ানরা। এরপর দিনের বাকি সময়ে মাত্র এক উইকেট নিতে পেরেছে বাংলাদেশ। এদিন সিলেটেও ঢাকা টেস্টের মতো আলোকস্বল্পতায় বেশ আগেভাগেই প্রথম দিনের খেলা শেষ হয়েছে। প্রথম দিনে খেলা হয়েছে ৭০ ওভার। দিন শেষে ৪ উইকেট হারিয়ে ২৩৫ রান করেছে সফরকারীরা। প্রথম দিনে একাদশে আরেকজন পেসারের অভাব অনুভব করেছেন তাসকিন আহমেদ। সংবাদ সম্মেলনে তিনি বলেন, 'হ্যাঁ, একপর্যায়ে মনে হয়েছে আরেকজন সিমার নিলে ভালো হতো। সকালের এক ঘণ্টার আর্দ্রতা কাজে লাগাতে পেরেছিলাম। তখন মনে হয়েছে আরেকজন সিমার থাকলে আরও লম্বা সময় বল করা যেত।' 'যেভাবে বল মুভ করছিল আরও এক-দুইটা উইকেট যেতে পারত। তবে এমনিতে উইকেট ব্যাটিংয়ের জন্য অনেক ভালো। শুরুতে আরেকজন সিমার থাকলে ভালো হতো।'-যোগ করেন তিনি। একাদশ গঠন নিয়ে তাসকিন বলেন, 'টিম সিলেকশন পুরোপুরি ম্যানেজমেন্টের পার্ট। তারা উইকেট-কন্ডিশন বিবেচনা করে যেটা চিন্তা করেছে, দলের জন্য সবচেয়ে ভালোটাই চিন্তা করেছে। ম্যাচ আজ মাত্র শুরু হলো। ম্যাচের শেষদিকে ফলাফল বের করতে স্পিনাররা সহায়তা করতে পারে। তবে ইদানীং বেশিরভাগ বোলিং সাকসেসই পেসারদের।' 'আমাদের স্পিনাররাও ভালো। তবে আমার মনে হয়েছে যদি আরেকটা ফেলো ব্রাদার থাকত একাদশে, ভালো হত। তবে উইথ ডিউ রেসপেক্ট, যে একাদশ টিম ম্যানেজমেন্ট বেছে নিয়েছে, এটা নিয়েই লড়াই করতে হবে।'-যোগ করেন তিনি।