ঢাকা বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩ | বেটা ভার্সন

বাংলাদেশের পেস আক্রমণ নিয়ে চিন্তায় প্রোটিয়া অধিনায়ক

বাংলাদেশের পেস আক্রমণ নিয়ে চিন্তায় প্রোটিয়া অধিনায়ক

ঘরের মাঠে খেলবে দক্ষিণ আফ্রিকা। প্রতিপক্ষ বাংলাদেশ। কন্ডিশনও প্রোটিয়াদের চেনা। তার ওপর আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের বর্তমান চ্যাম্পিয়ন তারা। সব হিসাবেই এগিয়ে থাকার কথা স্বাগতিকদের। কিন্তু মাঠের লড়াই শুরুর আগেই আত্মতুষ্টিতে ভুগতে নারাজ দক্ষিণ আফ্রিকার অধিনায়ক টেম্বা বাভুমা। বিশেষ করে বাংলাদেশের পেস বোলিং আক্রমণ নিয়ে বেশ সতর্ক তিনি। প্রতিপক্ষের পেসারদের সামলাতে ব্যাটারদের প্রস্তুতিতে কোনো ঘাটতি রাখতে চান না প্রোটিয়া অধিনায়ক!

দক্ষিণ আফ্রিকার মাটিতে পেসারদের জন্য বাড়তি সুবিধা থাকবে, সেটি নতুন কিছু নয়। জোহানেসবার্গ ও সেঞ্চুরিয়নের উইকেটে গতি ও বাউন্স কাজে লাগানোর সুযোগ পাবেন দুই দলের পেসাররা। আর এই কন্ডিশনেই বাংলাদেশের পেসারদের বিপজ্জনক মনে করছেন বাভুমা। নাহিদ রানা এবারের সফরে না থাকলেও তাসকিন আহমেদ, হাসান মাহমুদ ও শরীফুল ইসলামের মতো পেসারদের নিয়ে বাংলাদেশের বোলিং আক্রমণ যে যথেষ্ট শক্তিশালী, তা ভালোভাবেই জানেন তিনি।

বাংলাদেশের বিপক্ষে সিরিজ সামনে রেখে ব্যাটারদের সতর্ক করে বাভুমা বলেন, 'বাংলাদেশের বিপক্ষে আমাদের হাইভেল্ডে খেলতে হবে। এই কন্ডিশনে প্রথমে বোলিং করা কতটা সহায়ক, তা আমাদের জানা আছে। আমার মনে হয়, প্রথমে বোলিং করার ক্ষেত্রে তাদের ভালো কিছু শক্তির জায়গা রয়েছে। তাই ব্যাটিংয়ের দিক থেকে আমাদের প্রস্তুতিতে কোনো ঘাটতি রাখা যাবে না। মানসিকভাবেও কোনো বিষয় বা সুযোগকে হালকাভাবে নেওয়া যাবে না।' শুধু কন্ডিশন কিংবা বাংলাদেশের পেসারদের সামর্থ্য নয়, আধুনিক ক্রিকেটের প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ বাস্তবতাও মাথায় রাখছেন দক্ষিণ আফ্রিকার অধিনায়ক। তার মতে, এখন আর কোনো দলকেই সহজ প্রতিপক্ষ ভাবার সুযোগ নেই। নির্দিষ্ট দিনে নিজেদের সেরাটা দিতে পারলে যেকোনো দলই শক্তিশালী প্রতিপক্ষকে চাপে ফেলে দিতে পারে। তাই বাংলাদেশের বিপক্ষে মাঠে নামার আগে শতভাগ প্রস্তুতি নিয়েই নামতে চায় প্রোটিয়ারা।

এ প্রসঙ্গে বাভুমার বক্তব্য, 'বর্তমান ক্রিকেটে বিশ্বের কোনো দলকেই সহজ প্রতিপক্ষ ভাবার সুযোগ নেই। যেকোনো দিন যেকোনো দল অন্য দলকে চাপে ফেলতে পারে। তাই আমরা চাই না, অপ্রস্তুত অবস্থায় মাঠে নামতে হোক। বাংলাদেশের বিপক্ষে খেলার সময় এলে আমরা যথাযথ প্রস্তুতি নেব। তবে কোনোভাবেই তাদের হালকাভাবে দেখব না।'

বাংলাদেশকে সমীহ করার পেছনে সাম্প্রতিক পারফরম্যান্সও একটি কারণ হতে পারে। বিশেষ করে পেস বোলিংয়ে গত কয়েক বছরে উল্লেখযোগ্য উন্নতি করেছে বাংলাদেশ। একসময় বিদেশের মাটিতে পেস আক্রমণ নিয়ে প্রশ্ন থাকলেও এখন তাসকিন-হাসান-শরীফুলরা প্রতিপক্ষের ব্যাটারদের নিয়মিত চ্যালেঞ্জ জানাচ্ছেন। ফলে দক্ষিণ আফ্রিকার মতো পেস সহায়ক কন্ডিশনেও বাংলাদেশের বোলাররা বড় ভূমিকা রাখতে পারেন বলে ধারণা করা হচ্ছে। অবশ্য দক্ষিণ আফ্রিকার আত্মবিশ্বাসের জায়গাও কম নয়। ২০২৪ সালের অক্টোবরে বাংলাদেশ সফরে এসে দুই ম্যাচের টেস্ট সিরিজে স্বাগতিকদের ২-০ ব্যবধানে হারিয়েছিল প্রোটিয়ারা। সেই সিরিজে চোটের কারণে খেলতে পারেননি বাভুমা। তবে দলের সেই সাফল্যকে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ওঠার পথে গুরুত্বপূর্ণ অধ্যায় হিসেবে দেখছেন তিনি। সেই সিরিজের স্মৃতিচারণ করে বাভুমা বলেন, 'বাংলাদেশের বিপক্ষে সেই সিরিজটি আমাদের বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ওঠার পথে অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল। দল হিসেবে এবং ব্যক্তিগতভাবেও ওই সিরিজ আমাদের অনেক আত্মবিশ্বাস জুগিয়েছে। দলের অনভিজ্ঞ খেলোয়াড় টনি, কাভেরিমি, ভিয়ান মুল্ডার ও সেন মুথুসামি নিজেদের সামর্থ্যের প্রমাণ দিয়েছে এবং দলের জন্য দারুণ অবদান রেখেছে।'

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত