
আগের টেস্টে দেশের মাটিতে ডাবল সেঞ্চুরির পর সেই ফর্ম দক্ষিণ আফ্রিকাতেও নিয়ে গেছেন তাওহীদ হৃদয়। গতকাল রোববার জোহানেসবার্গে সিরিজের প্রথম টেস্টের প্রথম দিনেই বাংলাদেশের দ্বিতীয় ব্যাটার হিসেবে দক্ষিণ আফ্রিকার মাটিতে সেঞ্চুরির কীর্তি গড়েছেন হৃদয়। তাতে শুরুর ধাক্কার পর নিজেদের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেছে বাংলাদেশ। দ্বিতীয় সেশনে ৫ উইকেট পতনের পর থেকে দারুণ প্রতিরোধ গড়ে খেলেছেন তাওহীদ হৃদয় ও লিটন দাস। দেশ ও দেশের বাইরে মিলিয়ে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সর্বোচ্চ জুটির রেকর্ড গড়েছেন তারা। এতদিন জাকের আলী ও মেহেদী হাসান মিরাজের ১৩৮ রান ছিল সর্বোচ্চ। লিটন ও হৃদয় মিলে সেটা দেড়শ ছাড়িয়েছেন।
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজের প্রথম টেস্টের প্রথম দিন টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। কিন্তু শুরুতেই সেই সিদ্ধান্তকে কঠিন পরীক্ষায় ফেলে দেন রাবাদা। অভিষিক্ত মাহফিজুল ইসলাম রবিনকে ইনিংসের প্রথম বলেই ফিরিয়ে দেন তিনি। পরের দিকে মুমিনুল হকও রানের খাতা খোলার আগেই সাজঘরে ফেরেন। এরপর অধিনায়ক শান্তকে ১২ রানে বোল্ড করে বাংলাদেশের বিপর্যয় আরও বাড়িয়ে দেন এই প্রোটিয়া পেসার।
রবিনের অভিষেকের গল্পটাও তাই শেষ পর্যন্ত হয়ে থাকল হতাশার। জাতীয় ক্রিকেট লিগে ১০ ইনিংসে ৬৭২ রান, তিনটি সেঞ্চুরি ও দুটি হাফসেঞ্চুরি করে জাতীয় দলে জায়গা করে নিয়েছিলেন ২২ বছর বয়সী এই ওপেনার। কিন্তু আন্তর্জাতিক ক্রিকেটের প্রথম বলেই গোল্ডেন ডাকের শিকার হন তিনি। টেস্ট ইতিহাসে প্রথম বলেই অভিষেক উইকেট হারানো মাত্র চতুর্থ ব্যাটসম্যান রবিন। বাংলাদেশের টেস্ট ইতিহাসে অভিষেকের প্রথম ইনিংসের প্রথম বলেই আউট হওয়া প্রথম ক্রিকেটারও তিনি। প্রাথমিক বিপর্যয়ের পর তানজিদ হাসান তামিম ও তাওহীদ হৃদয় কিছুটা স্বস্তি ফিরিয়েছিলেন। চতুর্থ উইকেটে দুজনের ৯৯ রানের জুটি বাংলাদেশকে লড়াইয়ে ফেরার স্বপ্ন দেখায়। তানজিদ ১০৮ বলে ৬৭ রান করে ফিরলেও হৃদয় থামেননি। তবে তার সঙ্গী হিসেবে এবার দায়িত্ব নেন লিটন দাস।
এরপর যেন ওয়ান্ডারার্সের চিত্রটাই পাল্টে যায়। দক্ষিণ আফ্রিকার পেসারদের বিপক্ষে আত্মবিশ্বাসী ব্যাটিংয়ে রানের চাকা সচল রাখেন হৃদয় ও লিটন। বিশেষ করে হৃদয়ের ব্যাটিংয়ে ছিল পরিণত মানসিকতার ছাপ। অফ স্টাম্পের বাইরের বল ছেড়ে দেওয়া, সুযোগ পেলে বাউন্ডারি আদায়-সব মিলিয়ে দারুণ নিয়ন্ত্রিত এক ইনিংস খেলেছেন তিনি। ১৯৪ বলে তিন অঙ্কের ঘরে পৌঁছে পূর্ণ করেন সেঞ্চুরি। এটি হৃদয়ের টেস্ট ক্যারিয়ারের অন্যতম স্মরণীয় ইনিংস। শুধু দক্ষিণ আফ্রিকার মাটিতে শতক বলেই নয়, ধারাবাহিকতার কারণেও এটি বিশেষ। সিলেট টেস্টে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম ইনিংসে অপরাজিত ২৪২ রানের রেকর্ড গড়েছিলেন তিনি। দ্বিতীয় ইনিংসে করেছিলেন ৮২ রান। এবার দক্ষিণ আফ্রিকার বিপক্ষেও সেঞ্চুরি করে টেস্টে টানা তিন ইনিংসে বড় সংগ্রহের ধারাবাহিকতা ধরে রাখলেন এই ব্যাটার।
অন্যদিকে লিটনও কম যাননি। হৃদয়ের সঙ্গে পাল্লা দিয়ে ব্যাটিং করে বাংলাদেশের ইনিংসকে নিয়ে গেছেন শক্ত অবস্থানের দিকে। প্রতিবেদন লেখার সময় তার সংগ্রহ ৮৩ রান। দুজনের জুটি শুধু রানই এনে দেয়নি, গড়ে দিয়েছে নতুন রেকর্ডও। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্টে বাংলাদেশের সর্বোচ্চ জুটির রেকর্ড এখন হৃদয় ও লিটনের দখলে। এর আগে ২০২৪ সালে মিরপুরে জাকের আলী ও মেহেদী হাসান মিরাজের ১৩৮ রানের জুটি ছিল এই রেকর্ডের মালিক। এবার সেই রেকর্ড ছাড়িয়ে গেছেন হৃদয়-লিটন। আরও বড় ব্যাপার, দক্ষিণ আফ্রিকার মাটিতে টেস্টে বাংলাদেশের কোনো জুটির প্রথম শতরানের মাইলফলকও স্পর্শ করেছে তাদের জুটি। এর আগে তানজিদ-হৃদয়ের ৯৯ রানের জুটি ভেঙেছিল ২২ বছর আগের হান্নান সরকার ও হাবিবুল বাশারের ৮৪ রানের রেকর্ড।