
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে জোহানেসবার্গের ওয়ান্ডারার্স স্টেডিয়ামে গতকাল রোববার প্রথম টেস্টে গোল্ডেন ডাকের শিকার হয়ে অনাকাঙ্ক্ষিত রেকর্ড গড়েছেন বাংলাদেশের ওপেনার মাহফিজুল ইসলাম রবিন। টেস্ট অভিষেকে গোল্ডেন ডাকের শিকার হওয়া প্রথম বাংলাদেশি ব্যাটার তিনি। টেস্ট ক্রিকেটে প্রথমবার ব্যাট করতে নেমে ইনিংসের শুরুতেই শূন্য রানে আউট হন মাহফিজুল। অফ স্টাম্পের বাইরের একটি বলে খোঁচা দিতে গিয়ে গালিতে মার্কো জাসেনের হাতে ক্যাচ দেন তিনি। টেস্ট ক্রিকেটে ইনিংসের প্রথম বলে আউট হওয়া চতুর্থ বাংলাদেশি ক্রিকেটার মাহফিজুল। এর আগে ২০০৪ সালে নাজমুল হোসেন, ২০০৬ সালে আব্দুর রাজ্জাক এবং ২০১৮ সালে নাজমুল ইসলাম অপু ইনিংসের প্রথম বলেই আউট হয়েছিলেন। তবে তাঁদের তিনজনই ছিলেন বোলার।
মাহফিজুলের আগে ২৭ জন বাংলাদেশি ক্রিকেটার টেস্টে শূন্য রানে আউট হয়েছেন, তবে তাদের কেউ ইনিংসের প্রথম বলে আউট হননি। ২০০০ সালে ভারতের বিপক্ষে বাংলাদেশের অভিষেক টেস্টে আকরাম খান প্রথম এই তালিকায় নাম লেখান। ২০০২ সালে ফাহিম মুনতাসির সুমিতও শূন্য রানে আউট হয়ে এই তালিকায় যুক্ত হন। টেস্ট অভিষেকে গোল্ডেন ডাক আন্তর্জাতিক ক্রিকেটে বিরল ঘটনা। মাহফিজুল টেস্ট ইতিহাসে এমন দুর্ভাগ্যের শিকার হওয়া মাত্র চতুর্থ ক্রিকেটার। ১৯৯২ সালে ডারবানে ভারতের কপিল দেবের বলে আউট হয়ে প্রথম এই অভিজ্ঞতার শিকার হন দক্ষিণ আফ্রিকার জিমি কুক। ২০০১ সালে কিংস্টনে অ্যালান ডোনাল্ডের বলে আউট হন ওয়েস্ট ইন্ডিজের লিওন গ্যারিক। ২০১৯ সালে আবুধাবিতে জিম্বাবুয়ের ব্লেসিং মুজারাবানির বলে আউট হন আফগানিস্তানের আবদুল মালিক। জাতীয় ক্রিকেট লিগে দারুণ একটি মৌসুম কাটানোর পর প্রথমবারের মতো টেস্ট দলে ডাক পান মাহফিজুল। ওই আসরে তিনটি সেঞ্চুরি ও দুটি হাফসেঞ্চুরিসহ ৬৭২ রান করেন তিনি। ১৯টি প্রথম শ্রেণির ম্যাচে তাঁর সংগ্রহ ১ হাজার ১৪৫ রান। রয়েছে চারটি সেঞ্চুরি ও তিনটি হাফসেঞ্চুরি।