
১৯৫৪ সালে প্রতিষ্ঠিত হওয়ার পর দীর্ঘদিন ঢাকা স্টেডিয়াম নামে পরিচিত ছিল এটি। ক্রিকেট-ফুটবল এখানে ভাগাভাগি করে হতো। নিয়মিত এখানে অ্যাথলেটিকস অনুষ্ঠিত হয়। এছাড়া রাষ্ট্রীয় অনেক অনুষ্ঠানও এখানে হতো। এই স্টেডিয়ামে হয়েছে সাফ গেমসের মতো আন্তর্জাতিক ক্রীড়া আসর। এমনকি ২০১১ সালে লিওনেল মেসিদের আর্জেন্টিনা ফুটবল দলও এই মাঠে নাইজেরিয়ার সঙ্গে ম্যাচ খেলে গেছে। তবে দীর্ঘ সময় সংস্কার না হওয়ায় খেলার অনুপোযোগি হয়ে পড়ায় ২০২০ সালে সংস্কার শুরু হয় দেশের অন্যতম সেরা এ মাঠের। জলবদ্ধতা রোধে আধুনিক ড্রেনেজ ব্যবস্থাসহ নতুন ফুটবল মাঠ এবং অ্যাথলেটিক্স ট্র্যাক তৈরি করা হয়েছে। নতুন ফ্লাডলাইট, জায়ান্ট এলইডি স্ক্রিন, ডিজিটাল অ্যাডভার্টাইজিং বোর্ড, সিসিটিভি নজরদারি এবং পরিবেশবান্ধব সৌর প্যানেল যুক্ত করা হয়েছে। খেলোয়াড়দের ড্রেসিংরুম, মেডিকেল ও ডোপিং কন্ট্রোল রুম, ভিআইপি ও ভিভিআইপি বক্স এবং মিডিয়া সেন্টার আধুনিকায়ন করা হয়েছে। ফলে জাতীয় স্টেডিয়াম এখন নতুন রূপে ফিরেছে।
দীর্ঘ অপেক্ষার অবসান হতে যাচ্ছে। আবারও ঘরোয়া ফুটবলের পদচারণায় মুখর হবে দেশের প্রধান ক্রীড়াভেন্যু ঢাকা জাতীয় স্টেডিয়াম। পাঁচ বছর দুই মাস পর এই মাঠে ফিরছে ক্লাব ফুটবলের প্রতিযোগিতা। আগামী ২৪ নভেম্বর ফর্টিস এফসি ও রহমতগঞ্জ এমএফএসের মধ্যকার ফেডারেশন কাপের ম্যাচ দিয়ে শুরু হবে সেই প্রত্যাবর্তন। দেশের ফুটবলের জন্য এটি নিঃসন্দেহে আনন্দের খবর। কারণ, দীর্ঘদিন ধরে ঢাকার প্রাণকেন্দ্রে অবস্থিত ঐতিহ্যবাহী এই স্টেডিয়াম ঘরোয়া ফুটবলের বাইরে থাকায় দর্শক, ক্লাব ও খেলোয়াড়দের মধ্যে তৈরি হয়েছিল এক ধরনের শূন্যতা। সর্বশেষ ২০২১ সালের ২০ সেপ্টেম্বর ঢাকা জাতীয় স্টেডিয়ামে হয়েছিল ঘরোয়া ফুটবলের ম্যাচ। বাংলাদেশ প্রিমিয়ার লিগের সেই ম্যাচে মুখোমুখি হয়েছিল দেশের দুই শীর্ষ ক্লাব আবাহনী লিমিটেড ও বসুন্ধরা কিংস। ১-১ গোলে ড্র হওয়া ম্যাচটিই ছিল এই স্টেডিয়ামে ঘরোয়া ফুটবলের শেষ আয়োজন। এরপর কেটে গেছে পাঁচটি মৌসুম। ২০২১-২২ মৌসুমের পর ২০২২-২৩, ২০২৩-২৪, ২০২৪-২৫ ও ২০২৫-২৬ মৌসুমেও এখানে ঘরোয়া ফুটবলের কোনো প্রতিযোগিতা আয়োজন করা হয়নি। দীর্ঘ এই বিরতির অন্যতম কারণ ছিল স্টেডিয়ামের সংস্কারকাজ। সংস্কারের জন্য দীর্ঘ সময় বন্ধ ছিল মাঠ। কাজ শেষ হওয়ার পরও ঘরোয়া ফুটবলের নিয়মিত ভেন্যু হিসেবে জাতীয় স্টেডিয়ামকে ফেরাতে পারেনি বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)।
আন্তর্জাতিক ম্যাচ আয়োজনের মধ্যেই সীমাবদ্ধ ছিল মাঠটির ফুটবল কার্যক্রম। গত বছর ৪ জুন ভুটানের বিপক্ষে প্রীতি ম্যাচ দিয়ে সংস্কার-পরবর্তী সময়ে এই মাঠে আন্তর্জাতিক ফুটবল ফিরেছিল। আধুনিকায়নের পর নতুন রূপে স্টেডিয়ামটি ফিরে পেলেও ঘরোয়া ফুটবলের জন্য অপেক্ষা দীর্ঘায়িত হয়। এই সময়ে ঢাকার ঘরোয়া ফুটবলের প্রধান ভরসা হয়ে উঠেছিল বসুন্ধরা কিংস অ্যারেনা। পাশাপাশি বিভিন্ন সময়ে ঢাকার বাইরে মুন্সিগঞ্জ, মানিকগঞ্জসহ কয়েকটি জেলা শহরে আয়োজন করা হয়েছে লিগ ও কাপের ম্যাচ। ফলে ঢাকার ঐতিহ্যবাহী জাতীয় স্টেডিয়ামে নিয়মিত ফুটবল দেখার সুযোগ থেকে বঞ্চিত হয়েছেন রাজধানীর দর্শকেরা। বিশেষ করে আবাহনী, মোহামেডানসহ দেশের ঐতিহ্যবাহী ক্লাবগুলোর সমর্থকদের কাছে এই মাঠের আলাদা আবেগ ও আবেদন রয়েছে।
এবার সেই অপেক্ষার অবসান হচ্ছে ফেডারেশন কাপ দিয়ে। ২৪ নভেম্বর শুধু ফর্টিস ও রহমতগঞ্জের ম্যাচই নয়, একই দিনে আরও দুটি ম্যাচ অনুষ্ঠিত হবে। মুন্সিগঞ্জে মুখোমুখি হবে আবাহনী লিমিটেড ও ফকিরেরপুল ইয়ংমেন্স ক্লাব। অন্যদিকে মানিকগঞ্জে লড়বে ব্রাদার্স ইউনিয়ন ও চট্টগ্রাম সিটি এফসি। অর্থাৎ, একই দিনে তিন ভেন্যুতে গড়াবে ফেডারেশন কাপের খেলা। সাফ চ্যাম্পিয়নশিপকে কেন্দ্র করে জাতীয় দলের ব্যস্ততার কারণে বন্ধ ছিল ঘরোয়া ফুটবলের কার্যক্রম। আন্তর্জাতিক প্রতিযোগিতার পর এবার আবার মাঠে ফিরছে ক্লাব ফুটবল। ফেডারেশন কাপের পর ২৭ নভেম্বর শুক্রবার শুরু হওয়ার কথা বাংলাদেশ প্রিমিয়ার লিগ। ফলে জাতীয় স্টেডিয়ামে ক্লাব ফুটবলের শীর্ষ আসর প্রত্যাবর্তনের সঙ্গে দেশের ফুটবলে নতুন করে প্রতিযোগিতার আবহও তৈরি হচ্ছে।