ঢাকা মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ | বেটা ভার্সন

হাতে আঘাত পাওয়ার পর উইকেট শূন্য মুস্তাফিজ

হাতে আঘাত পাওয়ার পর উইকেট শূন্য মুস্তাফিজ

অফ স্টাম্পের বাইরের বলটিকে সজোরে মারতে গিয়ে টাইমিংয়ে গড়বড় করে ফেললেন ফিন অ্যালেন। বল সরাসরি বোলার মুস্তাফিজুর রহমানের দিকে ফিরে আসে। ফলো-থ্রুতে তিনি বোলিং হাত বাড়িয়ে দিলেন এবং বলটি বেশ বাজেভাবে আঘাত করল তার হাতের কব্জিতে। 'ম্যাজিক স্প্রে' নিয়ে খেলা চালিয়ে গেলেও বোলিংয়ে জাদু দেখাতে পারলেন না বাঁহাতি পেসার। ইন্টারন্যাশনাল লিগ টি-টোয়েন্টির (আইএলটি-টোয়েন্টি) পঞ্চম আসরে দুবাই ক্যাপিটালসের প্রথম ম্যাচে উইকেট পাননি মুস্তাফিজ। আবু ধাবি নাইট রাইডার্সের বিপক্ষে চার ওভারে ৩৭ রান দেন বাংলাদেশের এই তারকা। দুবাই ম্যাচ হেরেছে বড় ব্যবধানে, ৫৫ রানে।

দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে রোববার টস জিতে ব্যাটিংয়ে নেমে ২০ ওভারে ৬ উইকেটে ১৬৭ রান করে আবু ধাবি। জবাবে ১৩ বল বাকি থাকতে ১১২ রানে অলআউট হয় দুবাই। আবু ধাবির সংগ্রহটা আরও বড় হতে পারত। প্রথম ১২ ওভারে বিনা উইকেটে ১০৮ রানের শক্ত অবস্থানে ছিল দলটি। কিন্তু পরের আট ওভারে ৬ উইকেট হারিয়ে তারা তুলতে পারে কেবল ৫৯ রান। ইনিংসের চতুর্থ ওভারে মুস্তাফিজ বোলিং পান এবং প্রথম বলেই তার ওই আঘাত। খুব কঠিন ক্যাচটি হাতছাড়া হয়ে রানও আসে একটি। দ্বিতীয় বলেও হয় এক রান। পরের তিন বলে অ্যালেনকে কোনো রান নিতে দেননি মুস্তাফিজ। শেষ বল ছিল স্লোয়ার, লং-অনের ওপর দিয়ে ছক্কা মারেন নিউ জিল্যান্ডের ব্যাটসম্যান।

পাওয়ার প্লেতে মুস্তাফিজের পরের ওভারে প্রথম দুই বলে আসে ৩ রান। পরের বলে কাভার দিয়ে চার মারেন আন্দ্রে ফ্লেচার। পরের দুই বলে আসে আরও ৩ রান। শেষ বলে স্কয়ার লেগের ওপর দিয়ে ছক্কা মারেন অ্যালেন। প্রথম ওভারে ৮ রানের পর, দ্বিতীয় ওভারে ১৬ রান দেন ৩১ বছর বয়সি পেসার। ১৩তম ওভারে অ্যালেনকে (৩৮ বলে ৭৪) বোল্ড করে ৭৬ বলে ১১৯ রানের উদ্বোধনী জুটি ভাঙেন স্পিনার নুর আহমাদ। এরপর নিয়মিত উইকেট হারানোয় আর কোনো জুটি বিশ রানও ছুঁতে পারেনি। ৪৯ বলে ৫৫ রান করে ফেরেন ফ্লেচার।

১৭তম ওভারে বোলিংয়ে ফেরানো হয় মুস্তাফিজকে, এবার দুই ক্যারিবিয়ান তারকা আন্দ্রে রাসেল ও জেসন হোল্ডারের বিপক্ষে দারুণ বোলিং করেন তিনি। একটি ওয়াইডসহ এই ওভারে আসে কেবল ৩ রান। পরের ওভারে দুশমান্থা চামিরার বলে শর্ট মিডউইকেটে হোল্ডারের ক্যাচ নেন মুস্তাফিজ।

নিজের শেষ ও ইনিংসের ১৯তম ওভারে প্রথম তিন বল বেশ ভালো করেন মুস্তাফিজ, আসে তিনটি সিঙ্গল। তবে চতুর্থ বলে লং-অফ দিয়ে ছক্কা হাঁকান রাসেল। পরের বলে স্লোয়ারে ব্যাট ছোঁয়াতে পারেননি ব্যাটসম্যান। শেষ ডেলিভারিতে অফ স্টাম্পের অনেক বাইরে শর্ট বল করেন মুস্তাফিজ এবং 'নো' দেন আম্পায়ার। এরপর দারুণ ইয়র্কারে রাসেলের স্টাম্প এলোমেলো করে দেন তিনি, কিন্তু 'ফ্রি হিট' ডেলিভারি হওয়ায় উইকেট মেলেনি।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত