
সেঞ্চুরিয়নে বাংলাদেশের বোলারদের জন্য দিনটি হয়ে থাকল হতাশার। দক্ষিণ আফ্রিকার ব্যাটিংয়ের সামনে কোনোভাবেই দাঁড়াতে পারছে না সফরকারীরা। আজ টেস্টের দ্বিতীয় দিনের প্রথম সেশনেও ব্যাট হাতে দাপট দেখিয়েছে স্বাগতিকরা। বিশেষ করে মারকাস অ্যাকারম্যানের বিধ্বংসী ইনিংসে রীতিমতো দিশেহারা বাংলাদেশের বোলিং আক্রমণ। ব্যক্তিগত দেড়শ রানের পাশাপাশি গড়েছেন দক্ষিণ আফ্রিকার হয়ে দ্রুততম ১৫০ রানের নতুন রেকর্ড!
প্রথম সেশনের খেলা শেষে ৩ উইকেট হারিয়ে ২২৮ রান তুলেছে প্রোটিয়ারা। লিড ১৩৭ রানের। প্রথম দিন শেষে ১ উইকেটে ৮৮ রান নিয়ে দ্বিতীয় দিনের খেলা শুরু করেছিল দক্ষিণ আফ্রিকা। দিনের শুরুতেই বাংলাদেশের প্রথম ইনিংসের ৯১ রান টপকে যায় তারা। এরপর ব্যবধান বাড়ানোর কাজে বড় ভূমিকা রাখেন অ্যাকারম্যান ও জুবায়ের হামজা। একজন ছিলেন আক্রমণাত্মক, অন্যজন উইকেটে টিকে থেকে সঙ্গ দিয়েছেন। তাতে ক্রমেই ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের হাতে নিয়ে নেয় প্রোটিয়ারা।
তবে দলীয় ১৪৫ রানে হামজার বিদায়ে জুটি ভাঙে। ৬১ বলে ২৭ রান করা এই ব্যাটসম্যানকে ফিরিয়ে বাংলাদেশকে কিছুটা স্বস্তি দেন খালেদ আহমেদ। কিন্তু সেই স্বস্তি বেশিক্ষণ স্থায়ী হয়নি। অন্য প্রান্তে তখনও ব্যাট হাতে তাণ্ডব চালিয়ে যাচ্ছিলেন অ্যাকারম্যান। বাংলাদেশের বোলারদের কোনো সুযোগ না দিয়ে একের পর এক বাউন্ডারিতে বাড়িয়ে চলেন দলের সংগ্রহ।
সেঞ্চুরি পেরিয়ে থামেননি অ্যাকারম্যান। তার ব্যাটিংয়ের গতি ছিল আরও ভয়ংকর। মাত্র ৮৫ বলেই পূর্ণ করেন শতরান। এরপর মাত্র ১৩৭ বলে পৌঁছে যান দেড়শ রানের মাইলফলকে। শেষ পর্যন্ত ১৩৮ বলে ১৫০ রান করে শরিফুল ইসলামের শিকার হন তিনি। তার এই ইনিংসে কার্যত অসহায় দেখিয়েছে বাংলাদেশের বোলারদের।
অ্যাকারম্যানের এই ইনিংস শুধু দলের লিডই বড় করেনি, জায়গা করে দিয়েছে দক্ষিণ আফ্রিকার টেস্ট ইতিহাসেও। দেশটির হয়ে দ্রুততম দেড়শ রানের রেকর্ড এখন তার দখলে। এর আগে গত বছর জিম্বাবুয়ের বিপক্ষে ১৫৭ বলে ১৫০ রান করে রেকর্ডটি গড়েছিলেন লুয়ান ডি প্রিটোরিয়াস। এবার তাকে পেছনে ফেললেন অ্যাকারম্যান। উল্লেখযোগ্য বিষয়, আগের ম্যাচে ১৬০ বলে দেড়শ রান করে এই তালিকার তৃতীয় স্থানেও ছিলেন তিনি।
আরেকটি বিরল কীর্তি গড়েছেন এই বাঁহাতি ওপেনার। দক্ষিণ আফ্রিকার হয়ে টেস্টের দিনের প্রথম সেশনেই একশর বেশি রান করা চতুর্থ ব্যাটসম্যান তিনি। এর আগে ১৯২৯ সালে টাপি ওয়েন স্মিথ, ২০১০ সালে এবি ডি ভিলিয়ার্স এবং গত বছর ভিয়ান মুল্ডার একই কীর্তি গড়েছিলেন।
অ্যাকারম্যানের বিদায়ের পর বাকি সময়টা সামলে নেন টনি ডি জর্জি ও ম্যাথু ব্রিটজকে। লাঞ্চ বিরতিতে যাওয়ার সময় ডি জর্জি ৪৫ বলে ৯ এবং ব্রিটজকে ১১ বলে ২ রান নিয়ে অপরাজিত ছিলেন। প্রথম সেশনে ১৪০ রান যোগ করে দক্ষিণ আফ্রিকা। তিন উইকেট হারিয়ে তাদের সংগ্রহ দাঁড়ায় ২২৮ রান। বাংলাদেশের বিপক্ষে লিড তখন ১৩৭ রানের।