ঢাকা শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ | বেটা ভার্সন

৫ গোলের রোমাঞ্চকর ম্যাচে পুলিশের কাছে আবাহনীর হার

৫ গোলের রোমাঞ্চকর ম্যাচে পুলিশের কাছে আবাহনীর হার

দিকহারা আবাহনী ৮৫তম মিনিটে পেল গোলের দেখা। একপেশে ম্যাচে ফিরল প্রাণ। এরপর, নাটকীয়তার নানা বাঁক পেরিয়ে দারুণ জয় তুলে নিল পুলিশ এফসি। গাজীপুরের শহীদ বরকত স্টেডিয়ামে শুক্রবার বাংলাদেশ ফুটবল লিগের ম্যাচে ৩-২ ব্যবধানে জিতেছে পুলিশ এফসি। চলতি লিগে এ নিয়ে টানা দ্বিতীয় হারের তেতো স্বাদ পেল আবাহনী।

পাঁচ ম্যাচে পুলিশ এফসি পেল চতুর্থ জয়।

রাসুল বা ও স্টিফেন স্যামের গোলে সহজ জয়ের পথেই ছিল পুলিশ এফসি। ইমতিয়াজ রায়হান ব্যবধান কমিয়ে কিছুটা উত্তেজনা ফেরান। তবে যোগ করা সময়ের দ্বিতীয় মিনিটে পুলিশের শাফিক কাগিমু ফের ব্যবধান বাড়ান। একদম শেষ সময়ে আবাহনীর দ্বিতীয় গোলটি করেন মাইকেল বাবাতুন্দে।

দ্বিতীয়ার্ধের শুরুতেই এগিয়ে যায় পুলিশ এফসি। ইয়াসিন খানকে কাটিয়ে বক্সে আড়াআড়ি ক্রস বাড়ান জাহিদ হোসেন, গোলমুখ থেকে নিখুঁত টোকায় লক্ষ্যভেদ করেন সেনেগালের ফরোয়ার্ড রাসুল বা।

৬২তম মিনিটে হয় ব্যবধান দ্বিগুণ। থ্রো ইনের পর বাম দিক দিয়ে একাই আক্রমণে ওঠেন রাসুল বা।

এই ফরোয়ার্ডকে পেছনে থেকে ফাউল করেন সানডে আফোলাবি। রেফারি বাজান পেনাল্টির বাঁশি। সফল স্পট কিকে আবাহনীকে আরও কোণঠাসা করে ফেলেন ক্যামেরুনের ফরোয়ার্ড স্যাম। বলের লাইনে ঝাঁপলেও গতিময় শট আটকাতে পারেননি মাহফুজ হাসান প্রীতম।

৮৫তম মিনিটে ম্যাচে ফেরার উপলক্ষ পায় আবাহনী। বাবাতুন্দের ক্রস বক্সে নিয়ন্ত্রণে নিয়ে, কোনাকুনি শটে লক্ষ্যভেদ করেন ইমতিয়াজ। তবে দ্বিতীয়ার্ধের যোগ করা সময়ে নিজেদের মধ্যে দারুণ বোঝাপড়ায় স্যামের পাস থেকে শাফিক গোল করে আবাহনীকে ফের ঠেলে দেন খাদের কিনারে।

যোগ করা সময়ের সপ্তম মিনিটে আসাদুল মোল্লা বক্সে ফাউলের শিকার হলে পেনাল্টি পায় আবাহনী।

বাবাতুন্দের সফল স্পট কিকে ক্ষণিকের জন্য আবার ফিরে নাটকীয়তা। কিন্তু একটু পরই বাজে শেষের বাঁশি। ৩৩ দিন পর লিগে ফিরে হার নিয়ে মাঠ ছাড়ে মারুফুল হকের দল।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত