ঢাকা শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ৮ কার্তিক ১৪৩৩ | বেটা ভার্সন

৪২৯ রান তাড়া করে জেতার রেকর্ড গড়লো শ্রীলঙ্কা

৪২৯ রান তাড়া করে জেতার রেকর্ড গড়লো শ্রীলঙ্কা

ত্রিদেশীয় সিরিজে অসম্ভবকে সম্ভব করে দেখালো শ্রীলঙ্কা। ইংল্যান্ডের বিপক্ষে ৪৩০ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ২ উইকেট হাতে রেখে অবিশ্বাস্য জয় তুলে নিয়েছে শ্রীলঙ্কা।

বৃহস্পতিবার (২২ অক্টোবর) রাওয়ালপিন্ডিতে ৪৩০ রানের লক্ষ্য ২ উইকেট হাতে রেখে জয় তুলে নিয়ে সবাইকে অবাক করে দিয়েছে শ্রীলঙ্কা। চারশো ছাড়ানো লক্ষ্য দিয়ে ইংল্যান্ডও সম্ভবত ভাবেনি এই ম্যাচ তারা হারতে চলেছে। কিন্তু সেটাই বাস্তব হয়েছে পাভান রত্মানায়েকের সেঞ্চুরি, আভিস্কা ফার্নান্দো ও দাসুন শানাকার ৯৭ রানের ইনিংস এবং শেষদিকে জানিথ লিয়ানেজের মারকুটে ফিনিশিংয়ে।

৪২৯ রানের পাহাড়সম লক্ষ্য তাড়া করতে নেমে ২৪ রানেই দুই উইকেট হারায় শ্রীলঙ্কা। কামিন্দু মেন্ডিস ১৮ ও অধিনায়ক কুশল মেন্ডিস কোনো বল না খেলেই হন রান আউট। কামিন্দকে বোল্ড করেন জশ টাঙ।

এরপর চাপ সামাল দেন আভিস্কা ফার্নান্দো ও পাভান রত্মায়েক ১৬৬ রানের জুটি গড়ে। তবে সেঞ্চুরি থেকে ৩ রান দূরে থাকতেই ওভারটনের বলে তাকেই ক্যাচ দিয়ে দলীয় ১৯০ রানে আউট হন আভিস্কা। পতন হয় তৃতীয় উইকেটের।

তবে সেখান থেকে ছন্দপতন হয়নি শ্রীলঙ্কার। আরও ১৩৩ রানের জুটি হয় পাভান ও দাসুন শানাকার। এই জুটিতে শতক আদায় করে নেন পাভান রত্মায়েক। ১৩০ রান করে স্যাম কারানের বলে তিনি আউট হলে ভাঙে জুটি। ৩২৩ রানে চতুর্থ উইকেট হারায় শ্রীলঙ্কা।

৯৭ রান করা দাসুন শানাকাও সেঞ্চুরি মিস করেন আভিস্কার মতো। ৩৬৩ রানে তিনি আউট হলে পঞ্চম উইকেট হারায় লঙ্কানরা। এরপর সেখান থেকে জানিথ লিয়ানেজকে সঙ্গ দিয়ে দলের স্কোর চারশো পার করিয়ে আউট হন সাহান আরচ্চিগে ১৩ রানে। ৪০৬ রানে ষষ্ঠ উইকেট হারায় তারা।

শেষ ওভারে ৮ রান দরকার ছিলো জেতার জন্য। সেখানে প্রথম বলে এক রান নেন লিয়ানেজ। পরের দুই বলে ভেল্লালাগে ও ইশান মালিঙ্গাকে বোল্ড করে ইংল্যান্ডের জয়ের সম্ভাবনা জাগিয়ে তোলেন জশ টাঙ। হ্যাটট্রিক বলে আসিথা ফার্নান্দো থার্ড ম্যানে বল পাঠিয়ে নেন এক রান। দুই বলে তখন দরকার ৬ রান। একটুও বিচলিত না হয়ে জশ টাঙকে সীমানা ছাড়া করেন লিয়ানেজ। আর তাতে হ্যারি ব্রুকের দ্রুততম ডাবল সেঞ্চুরির বিশ্বরেকর্ডকে ম্লান করে দিয়ে ৪৩০ রানের লক্ষ্য টপকে গেছে শ্রীলঙ্কা। ওয়ানডে ক্রিকেটে দ্বিতীয় সর্বোচ্চ রান তাড়া করে জেতার রেকর্ড এটি।

আবা/এসআর/২৬

রান,রেকর্ড,শ্রীলঙ্কা
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত