
ত্রিদেশিয় ওয়ানডে সিরিজের ফাইনালে জিম্বাবুয়েকে ৭ উইকেট আর ৯৩ বল হাতে রেখে হেসেখেলেই হারিয়েছে আফগানরা। একইসাথে সিরিজের অপরাজিত চ্যাম্পিয়ন দল হয়েছে তারা।
১৭০ রানের ছোট লক্ষ্য তাড়ায় ভালো সূচনা করেন রহমানুল্লাহ গুরবাজ আর ইব্রাহিম জাদরান। ৫৮ বলে ৬৮ রানের মারকুটো জুটি গড়েন তারা। ৩১ বলে ৩৬ করে গুরবাজ ফিরলে ভাঙে এই জুটি। এরপর অল্প রানেই সাজঘরের পথ ধরেন সেদিকুল্লাহ অটল (৬)। ১২ রানের মধ্যে দুই উইকেট হারায় আফগানিস্তান। দুটি উইকেটই নেন জিম্বাবুয়ের বাঁহাতি পেসার নেমান নিয়ামহুরি।
তবে জাদরান আর রহমত শাহ দলকে জয়ের কাছাকাছি নিয়ে আসেন। জয় থেকে মাত্র ৮ রান দূরে থাকতে আউট হন রহমত শাহ (৪৩)। তবে জাদরান হার না মানা ৭০ রানের ইনিংস খেলে বিজয়ীর বেশেই মাঠ ছেড়েছেন।
এর আগে, ফাইনালে আফগানিস্তানের বোলিং তোপে দাঁড়াতেই পারেনি জিম্বাবুয়ের ব্যাটাররা। ৪৩.৩ ওভার ব্যাটিং করে সবকটি উইকেট হারিয়ে সংগ্রহ করে ১৬৯ রান।
আবা/এসআর/২৬