ঢাকা বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ | বেটা ভার্সন

মিরপুর-১ গোলচত্বরে ফুটপাত দখলমুক্ত করতে ডিএনসিসির অভিযান

মিরপুর-১ গোলচত্বরে ফুটপাত দখলমুক্ত করতে ডিএনসিসির অভিযান

রাজধানীর মিরপুর-১ নম্বর গোলচত্বর এলাকায় ফুটপাত দখলমুক্ত করতে ও অবৈধ স্থাপনা সরাতে উচ্ছেদ অভিযানে নেমেছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)।

বুধবার বেলা ১১টায় ডিএনসিসির প্রশাসক মো. শফিকুল ইসলাম খানের নেতৃত্বে মিরপুর-১ গোলচত্বর এলাকায় প্রথম দফার এই অভিযান শুরু হয়। সকালের অভিযানের ধারাবাহিকতায় বিকেল ৫টায় ওই এলাকায় ফের অভিযান চালানো হবে বলে ডিএনসিসির জনসংযোগ কর্মকর্তা মো. জাকির হোসেন জানিয়েছেন।

বিজ্ঞপ্তিতে ডিএনসিসি জানিয়েছে, প্রশাসক মো. শফিকুল ইসলাম খান বলেন, “নগরবাসীকে কথা দিয়েছিলাম, একেকটি করে ফুটপাত দখলমুক্ত করা হবে। রাস্তার ওপর দিয়ে মানুষ হাঁটবে, যানবাহন চলাচল করবে। সেখানে রাস্তা বন্ধ করে দোকানপাট বসানো হয়েছে। এই দোকানপাট বর্তমান সরকারের আমলে বসেনি। গত ফ্যাসিস্ট সরকারের আমল থেকে ১৮ থেকে ২২ বছর ধরে তারা একইভাবে ব্যবসা করে আসছে।

“আজকের অভিযানে এসে শুনতে পেলাম, মানুষের চলাচলের জন্য যে রাস্তা, সেটি বন্ধ করে সেখানে মার্কেট নির্মাণ করা হয়েছে। এভাবে অব্যবস্থাপনার মধ্যে দিয়ে তারা এলাকাটি রেখে গেছে।”

ফুটপাত দখলমুক্ত করার অভিযান চলাকালে এসব কথা বলছিলেন শফিকুল ইসলাম।

এই সরকারকে ‘জনবান্ধব’ বর্ণনা করে তিনি বলেন, “প্রধানমন্ত্রী জনগণের ভোটে নির্বাচিত হয়েছেন। তিনি জনগণকে যে অঙ্গীকার দিয়েছেন, তা বাস্তবায়নে কাজ করছেন। ডিএনসিসির পক্ষ থেকে আমি ১০ নম্বর গোলচত্বরের ফুটপাত দখলমুক্ত করেছি। একইভাবে নগরবাসীকে কথা দিয়েছি, একেকটি করে ফুটপাত দখলমুক্ত করব। অবৈধভাবে ফুটপাত দখল করে কোনো দোকান থাকতে পারবে না। সেই লক্ষ্যেই আজকের অভিযান চলছে।”

অভিযানে স্থানীয় বাসিন্দাদের অংশগ্রহণের কথা তুলে ধরেন এই কর্মকর্তা।

তিনি বলেন, “এখানে পুলিশের ডিসি সাহেব, স্থানীয় নেতারা, মার্কেট কমিটির নেতৃবৃন্দ এবং সাধারণ মানুষ রয়েছেন। আমি যখন এসেছি, আমার সঙ্গে নেতাকর্মী ও সহকর্মীরা ছিলেন।”

উচ্ছেদ অভিযান শুরু হওয়ার পর মানুষ তাঁর সঙ্গে ‘একাত্মতা প্রকাশ করেছেন’ বলে জানিয়েছেন শফিকুল ইসলাম খান।

মিরপুর-১ গোলচত্বরের ফুটওভার ব্রিজের নিচ থেকে দ্বিতীয় দফার অভিযান শুরু হবে।

সকালের মতো ওই সময়েও শফিকুল ইসলাম উপস্থিত থেকে ফুটপাতের অবৈধ দোকানপাট এবং স্থাপনা উচ্ছেদ কার্যক্রম পরিচালনা করবেন বলে বিজ্ঞপ্তিতে বলা হয়।

উচ্ছেদের পর আবার ফুটপাত দখল ঠেকানোর বিষয়ে শফিকুল ইসলাম খান বলেন, “আমরা ১০ নম্বরের মতো ১ নম্বর গোলচত্বরকেও একটি মডেল হিসেবে গড়ে তুলতে চাই। আজ প্রথম অভিযান শুরু হয়েছে। পর্যায়ক্রমে অভিযান চলবে।

“ততক্ষণ পর্যন্ত ফুটপাত দখলমুক্ত না হবে, ততক্ষণ আমাদের অভিযান চলবে। পরবর্তী সময়ে এসব জায়গা হাঁটাচলার উপযোগী করে গড়ে তোলার ব্যবস্থা করব।”

মিরপুর,অভিযান,ফুটপাত
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত