ঢাকা মঙ্গলবার, ০৪ আগস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ | বেটা ভার্সন

পিআর নির্বাচনের সবচেয়ে গ্রহণযোগ্য ও নিরপেক্ষ পদ্ধতি: জামায়াত সেক্রেটারি

পিআর নির্বাচনের সবচেয়ে গ্রহণযোগ্য ও নিরপেক্ষ পদ্ধতি: জামায়াত সেক্রেটারি

নির্বাচন অবাধ ও সুষ্ঠু করতে পৃথিবীতে যতগুলো পদ্ধতি চালু আছে, তার মধ্যে পিআর (আনুপাতিক প্রতিনিধিত্ব) পদ্ধতি সবচেয়ে গ্রহণযোগ্য ও নিরপেক্ষ বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার।

তিনি বলেন, ৯১টি দেশে পিআর পদ্ধতি চালু আছে। সব দলের অংশগ্রহণমূলক নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে পিআর পদ্ধতি প্রতিষ্ঠিত হবে। আগামী সংসদ নির্বাচন পিআর পদ্ধতিতে অনুষ্ঠিত হবে ইনআশাল্লাহ।

শনিবার (১৬ আগস্ট) সকাল ৮টার দিকে নড়াইল জেলা পরিষদ মিলনায়তনে জেলা জামায়াতের লিডারশিপ প্রশিক্ষণের উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

অধ্যাপক গোলাম পরওয়ার বলেন, পিআর পদ্ধতি জামায়াতে ইসলামী নতুন করে চাচ্ছে না, আমাদের সাবেক আমির অধ্যাপক গোলাম আজম নির্বাচন অবাধ ও সুষ্ঠু করতে দুটি পদ্ধতির কথা বলে গেছেন। এর মধ্যে একটি তত্ত্বাবধায়ক সরকার, অন্যটি পিআর পদ্ধতির নির্বাচন। বিগত নির্বাচন নিরপেক্ষ করতে তত্ত্বাবধায়ক সরকার যেমন প্রতিষ্ঠিত হয়েছে, তেমনি সব দলের অংশগ্রহণমূলক নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে পিআর পদ্ধতিও প্রতিষ্ঠিত হবে।

নড়াইল জেলা জামায়াতের লিডারশিপ প্রশিক্ষণ কর্মশালায় আরও উপস্থিত ছিলেন— জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মোবারক হোসেন, মির্জা আশেক এলাহী, জেলা আমির আতাউর রহমান বাচ্চু, সেক্রেটারি ওবায়দুল্লাহ কায়সারসহ দলটির অন্যান্য নেতারা।

জামায়াত সেক্রেটারি,অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার,পিআর পদ্ধতি,নির্বাচন,নড়াইল
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত