
নোয়াখালীর বেগমগঞ্জে বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলুর নির্বাচনী পরিচালনা কমিটি গঠনের লক্ষ্যে অনুষ্ঠিত সভায় হামলা-ভাংচুরের অভিযোগ পাওয়া গেছে।
সোমবার (৮ ডিসেম্বর) বিকেল ৪টার দিকে উপজেলার একলাশপুর ইউনিয়নের একলাশপুর গ্রামের একলাশপুর ফাজিল মাদরাসা মাঠে সভা চলাকালে এই ঘটনা ঘটে।
একলাশপুর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট আব্দুর রহিম চুন্নু জানান, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বরকত উল্লাহ বুলু নোয়াখালী-৩ (বেগমগঞ্জ) আসনে বিএনপির মনোনীত প্রার্থী। সোমবার বিকেলে একলাশপুর ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের নির্বাচন পরিচালনা কমিটি গঠনের লক্ষ্যে একটি সভার আয়োজন করে স্থানীয় ওয়ার্ড বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মিরা। ওই সভায় বিকেল সাড়ে ৪টার দিকে প্রায় ৩-৪ শতাধিক নেতাকর্মি যোগ দেন।
এ সময় হঠাৎ মুখোশধারী ২৫-৩০০ জন যুবক এসে হামলা চালায়। একপর্যায়ে তারা বেগমগঞ্জ উপজেলা বিএনপির সদস্য মোরশেদ সিরাজীকে কুপিয়ে আহত করার চেষ্টা করে।
পরে তারা সভাস্থলে প্রায় ৫শতাধিক চেয়ার ও মঞ্চ ভাংচুর করে চলে যায়। হামলাকারীরা চলে যাওয়ার সময় বলেও যায়, এখানে কোনো সভা করা যাবে না।
অপর এক প্রশ্নের জবাবে এডভোকেট আব্দুর রহিম চুন্নু বলেন, হামলাকারীরা নিষিদ্ধ ছাত্রলীগ-যুবলীগের সম্রাট বাহিনী ও খালাসি বাহিনীর সদস্য ছিল।
তিনি জানান, তিনি তাদের কয়েকজনকে আগে আদালত আঙ্গিনায় দেখেছেন। তাৎক্ষণিক পুলিশকে অবহিত করা হলেও পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হননি।
যোগাযোগ করা হলে বেগমগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক কামাক্ষ্যা চন্দ্র দাস বলেন, নির্বাচনী কেন্দ্র কমিটি নিয়ে একটি গণ্ডগোল হয়েছে, তিনি এ বিষয়ে এর বেশি কিছু জানেন না।
এ বিষয়ে বেগমগঞ্জ থানার কর্মকর্তা (ওসি) এম এ বারীর সঙ্গে ফোনে যোগাযোগ করা হলেও তিনি ফোন রিসিভ করেননি। তাই তার কোন বক্তব্য পাওয়া যায়নি।