ঢাকা মঙ্গলবার, ০৪ আগস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ | বেটা ভার্সন

বেনাপোল বন্দর দিয়ে আসছে ভারতীয় পেঁয়াজ

বেনাপোল বন্দর দিয়ে আসছে ভারতীয় পেঁয়াজ

দীর্ঘ ৩ মাস পর বেনাপোল স্থলবন্দর দিয়ে ভারত থেকে পেঁয়াজ আমদানি শুরু হয়েছে। ভারতের পেট্রাপোল বন্দর দিয়ে বেনাপোল স্থলবন্দরে প্রবেশ করেছে পেঁয়াজের এ চালান।

সোমবার (১৫ ডিসেম্বর) বেলা ৪টার দিকে পেঁয়াজ আমদানির এ চালান বাংলাদেশে প্রবেশ করে।

বিষয়টি নিশ্চিত করেছেন বন্দর থেকে আমদানিকৃত পেঁয়াজ ছাড়করন প্রতিষ্ঠান রয়েল এন্টারপ্রাইজের মালিক রফিকুল ইসলাম রয়েল।

তিনি জানান, আপাতত এ চালানে ৩টি ট্রাকে ৯০ মেট্রিক টন পেঁয়াজ আমদানি হয়েছে। এর আগে গত সেপ্টেম্বর মাসে মাত্র ৬০ মেট্রিক টন পেঁয়াজ আমদানি হয়েছিল।

সরেজমিনে সোমবার বিকেলে বেনাপোল কাঁচাবাজার ঘুরে দেখা যায়, দেশি মুড়ি কাটা পেঁয়াজ কেজি প্রতি ৫ টাকা কমে ১০৫ টাকা এবং দেশি শুকনো মানের পেঁয়াজ কেজি প্রতি ১০ টাকা কমে ১২০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

ভারত থেকে আমদানির খবরে মোকামে দাম কমে যাওয়ার কারণে খুচরা বাজারেও দাম কমেছে বলছেন ব্যবসায়ীরা।

বেনাপোল উদ্ভিদ সনিরোধ কেন্দ্রের উপ-সহকারী কর্মকর্তা শ্যামল কুমার নাথ বলেন, ভারত থেকে পেঁয়াজ আমদানির অনুমতি দিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়। তবে এটি অল্প পরিসরে। প্রতিদিন ২০০ জন আমদানিকারক আইপি পাবেন এবং একজন আমদানিকারক ৩০-৬০ টন পেঁয়াজ আমদানি করতে পারবেন। সরকারের কাছে অনুরোধ, পেঁয়াজ আমদানির জন্য আইপি (ইমপোর্ট পারমিট) উন্মুক্ত করে দেওয়া হোক। তাহলে দেশের বাজারে পেঁয়াজের দাম আরও কমে আসবে।

এদিকে আমদানির খবরে বাজারে পেঁয়াজের দাম কমে আসবে বলে সাধারণ ক্রেতারা মনে করছেন।

বেনাপোল বন্দরের পরিচালক শামীম হোসেন জানান, আজ বেনাপোল বন্দর দিয়ে ভারত থেকে তিনটি ট্রাকে ৯০ মেট্রিক টন পেঁয়াজ বাংলাদেশে প্রবেশ করেছে। আরো কিছু পেঁয়াজের গাড়ি ওপারের পেট্রোপোল বন্দরে আছে। সেগুলো পর্যায়ক্রমে বাংলাদেশে ঢুকবে। বন্দর থেকে পেঁয়াজের চালান দ্রুত খালাসের জন্য সব রকম ব্যবস্থা নেয়া হচ্ছে।

বেনাপোল বন্দর,ভারতীয় পেঁয়াজ
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত