
চট্টগ্রামে বিশেষ অভিযান চালিয়ে চান্দগাঁও থানা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক ও বোয়ালখালী উপজেলা যুবলীগের সাবেক সহসভাপতি মোহাম্মদ ইয়াকুব সিদ্দিকি (৪৫) কে গ্রেপ্তার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) চান্দগাঁও এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তিনি বোয়ালখালী উপজেলার শ্রীপুর-খরণদ্বীপ ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের খরণদ্বীপ গ্রামের বাসিন্দা।
পুলিশ জানায়, ইয়াকুব সিদ্দিকি বোয়ালখালী থানায় দায়ের করা ছাত্র-জনতার আন্দোলনে হামলার মামলার এজাহারভুক্ত আসামি।
চান্দগাঁও থানার ওসি জাহেদুল কবির জানান, গ্রেপ্তারের পর তাকে আদালতে পাঠানো হলে আদালত জেলহাজতে প্রেরণের নির্দেশ দেন।