
আনুষ্ঠানিকভাবে প্রচারণা শুরুর দিনই চুয়াডাঙ্গার দুটি আসনে নির্বাচনী প্রচারণা শুরু করেছেন প্রার্থীরা।
বৃহস্পতিবার (২২ জানুয়ারি) সকালে চুয়াডাঙ্গা-১ আসনের ধানের শীষের প্রার্থী শরীফুজ্জামান আলমাডাঙ্গা উপজেলার পাঁচ কমলাপুর গ্রামে নিজের বাবা-মায়ের কবর জিয়ারত করে গণসংযোগ শুরু করেন। পরে আলমডাঙ্গা উপজেলা শহরে গিয়ে দলীয় নেতাকর্মীদের নিয়ে নির্বাচনী মিছিল করেন।
এসময় সাধারণ ভোটারদের কাছে লিফলেট ও হ্যান্ডবিল বিলি করেন ধানের শীষের এ প্রার্থী। নানা প্রতিশ্রুতি দিয়ে ভোট প্রার্থনাও করেন। দলীয় প্রতীকে স্লোগান দেন নেতাকর্মীরা।
গণসংযোগ শেষে প্রার্থী শরীফুজ্জামান বলেন, শুরুর দিন থেকেই মাঠে নেমেছি। প্রশাসন ও অন্যান্য রাজনৈতিক দলের কাছে প্রত্যাশা রাখি, আগামী ১২ তারিখ ভোটের দিন পর্যন্ত চুয়াডাঙ্গার নির্বাচনী পরিবেশ শান্ত ও সুষ্ঠু থাকবে। নিজেদের মধ্যে রাজনৈতিক প্রতিহিংসা ভুলে নির্বাচনকে উৎসবমুখর করতে সবার ভূমিকা রাখতে হবে।
এছাড়া, বিকেলে দাঁড়িপাল্লা ও হাতপাখার প্রার্থীরাও মিছিল ও গণসংযোগ করেন।