
ঠাকুরগাঁও জেলা জামায়াতের আমির অধ্যাপক বেলাল উদ্দিন প্রধান বিএনপির বিরুদ্ধে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ তুলেছেন।
তিনি বলেন, নির্ধারিত সময়ের আগেই বিএনপি জেলা শহরের বিভিন্ন স্থানে ব্যানার, ফেস্টুন ও বিলবোর্ড টাঙিয়েছে, যা সম্পূর্ণভাবে নির্বাচনি আচরণবিধির পরিপন্থি।
বৃহস্পতিবার (২২ জানুয়ারি) দুপুরে ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয় বড় মাঠে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের আগমন উপলক্ষ্যে জনসভা মঞ্চের সামনে সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, এ বিষয়ে জেলা রিটার্নিং কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দেওয়া হয়েছে। অতীতের মতো এবারও প্রশাসনের পক্ষ থেকে ন্যায্য ও সার্বিক সহযোগিতা পাওয়া যাবে বলে আমরা আশাবাদী।
জামায়াতের আমিরের আগমন প্রসঙ্গে অধ্যাপক বেলাল উদ্দিন বলেন, আগামী ২৩ জানুয়ারি ঠাকুরগাঁওয়ে অনুষ্ঠিতব্য নির্বাচনি জনসভা ও কল্যাণরাষ্ট্র বিনির্মাণে জামায়াত আমির ডা. শফিকুর রহমানসহ ১০ দলীয় জোটের নেতৃবৃন্দের বক্তব্য ঠাকুরগাঁওবাসীর জন্য ঐতিহাসিক গুরুত্ব ও তাৎপর্য বহন করবে।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও-১ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী দেলাওয়ার হোসেন, জেলা জামায়াতে ইসলামীর বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা।